বরিশাল ব্যুরো
এপ্রিল ১২, ২০২৬, ০২:৫০ পিএম
বরিশাল নগরীর চাঞ্চল্যকর বেলাল হত্যা মামলার প্রধান আসামি রিপন ওরফে রিপন রানাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর নাজিরা পোল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
গত বছরের ৩ ডিসেম্বর নগরীর ১০নং ওয়ার্ডের ভাটারখাল এলাকায় জেলা পরিষদের মালিকানাধীন একটি মার্কেটের তৃতীয় তলায় রিপনের নিজস্ব অফিসে বেলালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। নিহত বেলাল পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছিলেন। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ও পোড়ার দাগ থাকায় শুরু থেকেই পুলিশ এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করে আসছিল। এ ঘটনায় বেলালের বাবা আবদুল হক বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলা হওয়ার পর ঘটনার সময় দুই নারীসহ তিনজনকে পুলিশ আটক করলেও মূল অভিযুক্ত রিপন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন-উল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তারের সময় রিপন মদ্যপ অবস্থায় ছিল। সে জামিন না নিয়েই দীর্ঘ দিন ধরে প্রকাশ্যে শহরে ঘোরাফেরা করছিল।
মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার মোঃ গোলাম নাসিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিপন ওরফে ‘ট্রলার রিপন’কে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে বেলালকে হত্যার বিষয়টি স্পষ্ট উল্লেখ রয়েছে। আজ দুপুরে আসামিকে আদালতে প্রেরণ করা হবে। দ্রুততম সময়ের মধ্যে আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
উল্লেখ্য, ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যার প্রাথমিক প্রমাণ পেয়েছিল পুলিশ। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ছিল, প্রভাবশালী এই আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে ধরছিল না। অবশেষে প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় নিহতের পরিবার ও স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে।
জেএইচআর