আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোনা)
এপ্রিল ১৩, ২০২৬, ০৩:৪১ পিএম
‘খনা আছে জনে জনে, খনা আছে সব জীবনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনতে শুরু হয়েছে ২৪ ঘণ্টা ব্যাপী ‘খনার মেলা’। বাংলার লোকজ ঐতিহ্য, প্রাচীন কৃষি জ্ঞান ও আবহমান জীবনবোধকে ধারণ করে উপজেলার আঙ্গারোয়া গ্রামে ‘মঙ্গলঘর পরিসর’-এর আয়োজনে এই তৃতীয় খনার মেলা অনুষ্ঠিত হচ্ছে।
আজ ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তির সূর্যোদয় থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামীকাল ১৪ এপ্রিল পহেলা বৈশাখের সূর্যোদয় পর্যন্ত। আয়োজকদের মতে, কোনো আনুষ্ঠানিক উদ্বোধন নয়, প্রকৃতির ভোরের হাওয়াই এই মেলার সূচনা ঘটিয়েছে।
খনার বচন ও জীবন দর্শনের ওপর বিশেষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপমহাদেশের প্রখ্যাত গবেষক ও কণ্ঠশিল্পী মৌসুমী ভৌমিক। এছাড়া আরও বক্তব্য রাখেন কেন্দুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কবি আব্দুল হাই সেলিম, সংস্কৃতি সংগঠক আবুল কালাম আজাদ, লোক সাহিত্য গবেষক বাবু রাখাল বিশ্বাস, কবি রহমান জীবন এবং মঙ্গলঘর পরিসরের প্রধান সংগঠক বদনূর চৌধুরী লিপন।
মেলায় সাংস্কৃতিক পরিবেশনায় বরেণ্য শিল্পী কফিল আহমেদের পরিচালনায় লোকগান ও পুঁথি পাঠ অনুষ্ঠিত হয়। গান পরিবেশন করেন কৃষ্ণকলি ও তাঁর দল, সমগীত, ব্যান্ড সহজিয়া, মুসা কলি মুকুল, নূপুর সুলতানা, বাউল ফকির সাহেব এবং কৃষক দুদু কাঞ্চন।
মেলা বলতে সাধারণত হরেক পণ্যের পসরা বোঝালেও এই মেলাটি মূলত কথা ও গানের। এখানে বয়াতিরা পালা গান, জারি গান ও কেচ্ছা গানের মাধ্যমে গ্রামীণ সংস্কৃতি তুলে ধরছেন। প্রদর্শনীতে রাখা হয়েছে লাঙ্গল, কপিবাতি, বিন্দা এবং বাঁশ ও মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র। এছাড়া মেলায় ঐতিহ্যবাহী বায়োস্কোপ, লণ্ঠন উৎসব এবং বিশেষ স্মারক ‘ভোরের হাওয়া’-র উন্মোচন করা হয়।
ব্যতিক্রমী এই আয়োজনে শামিল হতে নেত্রকোনা ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আঙ্গারোয়া গ্রামে ভিড় জমিয়েছেন। আগত দর্শনার্থীরা মাটির পাত্রে গ্রামীণ খাবার খেয়ে পুরনো ঐতিহ্যের স্বাদ নিচ্ছেন। বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীরা জানান, খনাকে নিয়ে এমন আয়োজন নতুন প্রজন্মের জন্য প্রাচীন কৃষি ও জীবনবোধ শেখার বড় সুযোগ।
আয়োজক বদনূর চৌধুরী লিপন জানান, খনার বচনের সাথে প্রকৃতির নিবিড় সম্পর্ক রয়েছে। নতুন প্রজন্মের কাছে এই লোকজ জ্ঞান পৌঁছে দিতেই নিয়মিত এই মেলার আয়োজন করা হচ্ছে। মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে ‘কুল এক্সপোজার’ এবং বিভিন্ন মিডিয়া ও ট্রান্সপোর্ট পার্টনার।
জেএইচআর