কয়রা (খুলনা) প্রতিনিধি
এপ্রিল ২৫, ২০২৬, ১০:২৯ এএম
খুলনার কয়রা উপজেলায় মাহফিলের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবলীগের এক কর্মীর লোকজনের হামলায় বিএনপির তিন কর্মী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে উপজেলার মহারাজপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন- মাদারবাড়িয়া গ্রামের মো. ইদ্রিস আলী সানা (৩০), মো. ইব্রাহিম সানা (৩২) ও কয়রা উপজেলা জাসাসের সদস্য খলিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একই ইউনিয়নের বায়লাহারানিয়া গ্রামের বাসিন্দা ও সাবেক যুবলীগ কর্মী মো. হানিফ সানা (৩৫) ও তাঁর সহযোগীরা এই হামলায় সরাসরি জড়িত।
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বটতলা বাজারে অবস্থান করছিলেন ইদ্রিস ও ইব্রাহিম। এ সময় হানিফ সানার নেতৃত্বে ৩-৪ জনের একটি দল দেশীয় অস্ত্র—হাতুড়ি, লোহার রড ও রেঞ্জ নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ইদ্রিস আলী সানার মাথা ফেটে যায় এবং ইব্রাহিম সানার বাম হাত ভেঙে যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্থানীয়দের ধারণা, আগের দিন একটি ওয়াজ মাহফিলে তুচ্ছ বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির জেরে এই হামলার ঘটনা ঘটেছে। অভিযুক্ত হানিফ সানার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেএইচআর