বরিশাল ব্যুরো
এপ্রিল ২৬, ২০২৬, ০৮:২৬ পিএম
বরিশালে হাম-রুবেলার সংক্রমণ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব মো. খোরশেদ আলম।
রোববার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। হাম-রুবেলা টিকাদান কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণের অংশ হিসেবেই তার এই সফর।
তিনি বলেন, সারাদেশে চলমান টিকাদান কার্যক্রম ইতোমধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। এর ধারাবাহিকতায় সংক্রমণ পরিস্থিতি খুব শিগগিরই স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
মো. খোরশেদ আলম আরও জানান, হঠাৎ করেই দেশে হাম-রুবেলার প্রাদুর্ভাব দেখা দিলেও বর্তমানে পরিচালিত ক্যাম্পেইনের ফলে পরিস্থিতির উন্নতি হয়েছে। সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং দেশের প্রতিটি এলাকায় টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।
স্বাস্থ্য খাতের বর্তমান চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, শিশুদের চিকিৎসায় আইসিইউ সংকট একটি বড় সমস্যা। তবে আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি পেলে আইসিইউ সুবিধা সম্প্রসারণ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া সম্ভব হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দুয়েক বছরের মধ্যে দেশের স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে এবং স্বাস্থ্যসেবা আরও আধুনিক, সহজলভ্য ও কার্যকর হবে।
পরিদর্শন শেষে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবার মান, রোগীদের সুবিধা-অসুবিধা ও চিকিৎসা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনীর, সিভিল সার্জন ডা. এস এম মনজুর এ এলাহি এবং স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
এম জি