চাঁদপুর প্রতিনিধি
এপ্রিল ২৮, ২০২৬, ০৩:৪০ পিএম
বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসের সূচনা হয়। র্যালি ও পরবর্তী লিগ্যাল এইড মেলার উদ্বোধন করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সামছুন্নাহার।
দিবসটি উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ বলেন, সরকারি খরচে অসহায় মানুষদের বিচারিক সহায়তা দেওয়া হচ্ছে, তবে এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে আরও ব্যাপক প্রচার প্রয়োজন। তিনি বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে আইনি পরামর্শ ও বিচারিক প্রক্রিয়া শুরুর আগেই আপস-নিষ্পত্তি করা সম্ভব। এই সুবিধার কথা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে হবে যাতে প্রকৃত বিচারপ্রার্থীরা উপকৃত হন।
লিগ্যাল এইড কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে অ্যাডভোকেট রেহানা ইয়াসমিন কচি ও অ্যাডভোকেট নুরুল হক কমলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া উপকারভোগীদের মধ্যে মাহমুদা ও ইয়াসমিন বেগম তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উজালা রানী চাকমা, পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আমিরুল ইসলাম এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান।
এছাড়াও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামসুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সাল, জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কুহিনুর রশিদ এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ বিচার বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ও প্যানেল আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেএইচআর