পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
মে ৮, ২০২৬, ০২:৩৩ পিএম
চট্টগ্রামের পটিয়া উপজেলার শতবর্ষের ঐতিহ্যবাহী আমজু মিয়ার বলীখেলার ১১৭তম আসর আগামীকাল শনিবার (৯ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে। আবহাওয়াজনিত কারণে নির্ধারিত সময়ের চেয়ে কয়েকদিন পিছিয়ে পটিয়া পৌর সদরের বৈলতলীয় রোডস্থ আমজু মিয়া চৌধুরীর বাড়ির মাঠে এই ঐতিহাসিক আসরটি বসছে।
আয়োজক কমিটি জানিয়েছে, বলীখেলার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। বৃষ্টির কারণে মাঠে পানি জমে থাকায় খেলাটি কয়েকদিন পিছিয়ে ৯ মে পুনর্নির্ধারণ করা হয়। এবারের আসরে চট্টগ্রামের স্থানীয় বলীদের পাশাপাশি কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও কুমিল্লার নামকরা বলীরা অংশ নেবেন।
বলীখেলা উপলক্ষে দিনব্যাপী লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আয়োজন সফল করতে পটিয়া থানা পুলিশ ও পৌর কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
বলীখেলা আয়োজন কমিটির সচিব ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, আবহাওয়া অনুকূলে না থাকায় মাঠ প্রস্তুত করতে কিছুটা বিলম্ব হয়েছে। এখন মাঠ পুরোপুরি প্রস্তুত এবং আশা করছি বর্ণাঢ্য আয়োজনে দেশসেরা বলীদের এই লড়াই অনুষ্ঠিত হবে।
জেএইচআর