আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
মে ৯, ২০২৬, ০৭:১৫ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রতিভা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২০৪ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষামূলক বই বিতরণ করা হয়েছে।
শনিবার আড়াইহাজার উপজেলা অডিটোরিয়ামে ৯/১১ ব্যাচের আয়োজনে এই বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পাঠাভ্যাস বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রতিভা কল্যাণ ট্রাস্টের সভাপতি ড. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মাহমুদা আক্তার ও মিজানুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিভা কল্যাণ ট্রাস্টের সদস্য ইঞ্জিনিয়ার মাহফুজ সালমান, ডা. রিতা ফারিয়া, ফশিকুর রহমান সোহাগ, মোতাহার হোসেন ও সজীব চন্দ্র দাস। বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে বই পড়ার গুরুত্ব তুলে ধরেন।
তারা বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি সৃজনশীল ও শিক্ষামূলক বই পড়ার মাধ্যমে জ্ঞান বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে নিবেদিত হওয়ার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপস্থিত ২০৪ জন মেধাবী শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে শিক্ষামূলক বই তুলে দেন। প্রতিভা কল্যাণ ট্রাস্টের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও শিক্ষক সমাজ। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উৎসাহমূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
জেএইচআর