মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
মে ১৬, ২০২৬, ০৯:৩৮ পিএম
নওগাঁর মহাদেবপুরে মাঠের বোরো ধান কেটে কৃষকের ঘরে তুলে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি ফজলে হুদা বাবুল।
শনিবার সকালে নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল মহাদেবপুর উপজেলার চেরাগপুর গ্রামের এক মাঠে কৃষকদের সঙ্গে ধান কেটে ঘরে তুলে দেওয়ার ঘটনা এলাকাজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।
স্থানীয়রা জানান, এমপি ফজলে হুদা বাবুল চেরাগপুর ইউনিয়নের গ্রামীণ সড়ক দিয়ে যাওয়ার সময় আকস্মিকভাবে তাঁর ব্যবহৃত গাড়ি থেকে নেমে পড়েন এবং মাঠে বোরো ধান কাটায় নিয়োজিত কৃষকদের সঙ্গে তিনিও ধান কাটতে শুরু করেন। এমপি নিজ হাতে কাস্তে ধরে ধান কেটে কৃষকের ঘরে তুলে দেওয়ার এমন দৃশ্য দেখে ওই সময় মাঠে কাজ করা কৃষক-কৃষাণীদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। এমপির ধান কেটে দেওয়া দেখে তাঁর সঙ্গে থাকা কয়েকজন রাজনৈতিক সহকর্মীও ধান কাটায় অংশগ্রহণ করেন।
স্থানীয় কৃষক জাহাঙ্গীর আলম বলেন, এমপি ফজলে হুদা বাবুল চলতি বোরো মৌসুমে কৃষকদের পাশে দাঁড়িয়ে মানবিক ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। কৃষক আলমগীর হোসেন বলেন, চলতি মৌসুমে বোরো ধান কাটা ও মাড়াইয়ে শ্রমিক সংকট এবং অতিরিক্ত মজুরির কারণে যখন কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন, ঠিক তখনই এমপি ফজলে হুদা বাবুল মাঠে নেমে কৃষকদের পাশে দাঁড়ালেন এবং সংগঠনের নেতাকর্মীদের কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন। এ সময় এমপি ধানখেতের আইলে বসে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও সম্ভাবনার বিষয় মনোযোগ দিয়ে শোনেন।
স্থানীয় কৃষকরা জানান, একজন এমপি হয়ে মাঠে নেমে কৃষকের সঙ্গে কাজ করা সত্যিই বিরল ও প্রশংসনীয়। এতে কৃষকদের মাঝে নতুন করে উৎসাহ ও আত্মবিশ্বাস তৈরি হয়েছে। তারা মনে করছেন, তাদের পাশে একজন সত্যিকারের অভিভাবক রয়েছেন। ওই মাঠে এমপি ধান কাটছেন- এমন খবর পেয়ে চেরাগপুরসহ আশপাশের গ্রামের গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে উপস্থিত হন।
এ বিষয়ে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের কষ্ট লাঘবে সবসময় আমি পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।
এএন