পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
মে ২১, ২০২৬, ০৫:২৫ পিএম
চট্টগ্রামের পটিয়ার ঐতিহ্যবাহী আবদুন নুর (এসএ নুর) উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত হয়েছেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি এই বিদ্যালয়ের ১৯৮৪ ব্যাচের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। দীর্ঘদিন পর প্রাক্তন শিক্ষার্থী হিসেবে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে আবেগঘন পরিবেশে এই সংবর্ধনা গ্রহণ করেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এনাম বলেন, বর্তমান সরকার শিক্ষিত জাতি গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা খাতের উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। বিদ্যালয় কর্তৃপক্ষ যেসব দাবি দিয়েছে, সেগুলো বাস্তবায়নে আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। আমি এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠানটির প্রতি আমার আলাদা দায়বদ্ধতা রয়েছে।
নারী শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, নারীদের শিক্ষিত করে গড়ে তুলতে পারলে দেশ আরও এগিয়ে যাবে। শিক্ষার বিকল্প নেই।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কথার চেয়ে কাজে বেশি মনোযোগ দিতে হবে। শিক্ষার উন্নয়নে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। তাঁরা আরও বলেন, নারী শিক্ষার অগ্রগতিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা মানুষ স্মরণ রাখবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের উন্নয়নে একটি আধুনিক হলরুম, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য উন্নতমানের ল্যাব, নামাজঘর নির্মাণ এবং বিদ্যালয়টি সরকারি করার দাবি জানানো হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সৈয়দ মহিউদ্দিন আনসারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর মোহাম্মদ।
বিদ্যালয়ের শিক্ষিকা ইসরাত জাহান কলি ও প্রাক্তন শিক্ষার্থী পরিষদের যুগ্ম সম্পাদক তৌহিদ তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব শামসুল আলম, প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম এবং সহ-সভাপতি ও দাতা সদস্য আব্দুল মোমেন।
এ ছাড়া এডহক কমিটির সাবেক সভাপতি ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত, হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক হারুন উর রশিদ এবং পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মঈনুল আলম (ছোটন) সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় এমপি এনাম বিদ্যালয়ের উন্নয়নে তাঁর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
জেএইচআর