বরিশাল ব্যুরো
মে ২৩, ২০২৬, ০৭:২৮ পিএম
সরকারি দল জনগণের কাছে দেওয়া নিজেদের প্রতিশ্রুতি নিজেরাই ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শনিবার বরিশাল নগরীর লাইন রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত রুকন শিক্ষা শিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বরিশাল মহানগর জামায়াতের আমির মাওলানা জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে দুই দিনব্যাপী এই শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, রক্ত দিয়ে তারুণ্যের শক্তি যে বিপ্লব ঘটিয়েছে, তার লক্ষ্য পূরণে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার পুরোপুরি বদল ঘটিয়ে নতুন রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে।
সংবিধানের বিভিন্ন দিক তুলে ধরে তিনি আরও বলেন, ক্ষমতায় যারাই আসুক, সাংবিধানিক কাঠামো এমনভাবে সংস্কার করতে হবে যেন ভবিষ্যতে কোনো ব্যক্তি আর শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে।
তিনি আরও উল্লেখ করেন, আইন ও সংবিধানের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবস্থাকে এমন একটি স্তরে নিয়ে যেতে হবে, যাতে যে দলই ক্ষমতায় যাক না কেন, তারা জনগণের কাছে জবাবদিহি করতে এবং একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়তে বাধ্য থাকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল ও ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি প্রমুখ। এ সময় স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও রুকনরা উপস্থিত ছিলেন।
জেএইচআর