গাজীপুর প্রতিনিধি
জুন ১৬, ২০২৬, ০৭:৪০ পিএম
বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্যসেবা জোরদার করতে গাজীপুর সিটি কর্পোরেশন বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ করেছে।
মঙ্গলবার নগর ভবনে অনুষ্ঠিত এক কর্মসূচিতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এসব কিট তুলে দেন সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন ৩টি নগর মাতৃসদন, ৭টি নগর স্বাস্থ্য কেন্দ্র এবং আলো ক্লিনিকের জন্য এসব ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ করা হয়। নগর ভবনের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জিসিসির সচিব মুহাম্মদ সানিউল কাদের, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, প্রধান কল্যাণ কর্মকর্তা মুসফিকা হাসনীন চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মাদ রহমত উল্লাহ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক এবং নগর পরিকল্পনাবিদ মো. মইনুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়, যাতে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব হয়।
গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু মোকাবিলায় নাগরিকদের স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও জোরদার করতে ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
জেএইচআর