মেহেরপুর প্রতিনিধি
জুন ২১, ২০২৬, ০৬:৩৪ পিএম
মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের বহুল আলোচিত তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার র্যাব-১২-এর সহযোগিতায় ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত মন্টু শাহ হাড়াভাঙ্গা গ্রামের পুরাতন পাড়ার ফজল আলীর ছেলে। নিহত তপন একই গ্রামের হিন্দু পাড়ার মজিবুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, মাদক সংক্রান্ত বিরোধের জেরে হাড়াভাঙ্গা গ্রামের তপনকে হাড়াভাঙ্গা-কল্যাণপুর গ্রামের হাজীপাড়া এলাকার একটি পেঁপে বাগানে নিয়ে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার অন্যতম আসামি মন্টু শাহকে শনাক্ত করে যৌথ অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করা হয়।
ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল করিম বলেন, প্রাথমিক তদন্তে মাদক সংক্রান্ত বিরোধের জেরে তপনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী রুপা খাতুন বাদী হয়ে গাংনী থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর-২২, তারিখ: ২২/১২/২৫ ইং)। এরপর থেকেই তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত মন্টু শাহকে আদালতের মাধ্যমে ইতোমধ্যে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত রিমান্ড মঞ্জুর করলে হত্যাকাণ্ড সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
জেএইচআর