ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

কালাইয়ে মোটরসাইকেলের সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

জুন ২১, ২০২৬, ০৬:৪০ পিএম

কালাইয়ে মোটরসাইকেলের সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০

জয়পুরহাটের কালাই উপজেলায় মোটরসাইকেলের সাইড দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের তালোড়া বাইগুনী গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় বিএনপি কর্মী আবু জাফর সৌরভ মোটরসাইকেল নিয়ে বাজারে যাওয়ার পথে একই গ্রামের আতিকুল ইসলামের ধানবোঝাই একটি ভ্যান সড়কে দাঁড়িয়ে থাকতে দেখেন। পথ ফাঁকা করার জন্য সৌরভ মোটোরসাইকেলের হর্ন বাজালে আতিকুল ইসলাম হর্ন বাজাতে নিষেধ করেন। এ নিয়ে তাঁদের দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। ঘটনার খবর গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহত আতিকুল ইসলামকে দেখতে জামায়াতের নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ায় নেওয়ার সময় বিএনপির কয়েকজন নেতার সঙ্গে তাঁদের বাগবিতণ্ডা হয়। এ সময় আতিকুল ইসলামের রাজনৈতিক পরিচয় নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

উদয়পুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, মোটরসাইকেলের সাইড দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কালাই উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল আলীম বলেন, সংঘর্ষে জামায়াতের এক কর্মী গুরুতর আহত হন। তাঁকে দেখতে নেতাকর্মীরা হাসপাতালে গেলে সেখানে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় জামায়াত নেতাদের সঙ্গে বিএনপির ইউনিয়ন নেতার কথা-কাটাকাটি হয়।

অন্যদিকে উদয়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইউনুস আলী বলেন, সংঘর্ষের খবর পেয়ে হাসপাতালে যাই। সেখানে আহত আওয়ামী লীগ সমর্থকদের পক্ষে জামায়াতের নেতাকর্মীদের সক্রিয় অবস্থান দেখা যায়। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। আওয়ামী লীগের সাথে জামায়াতের সম্পৃক্ততার কারণ নিয়েই মূলত প্রশ্ন ওঠে।

কালাই থানার পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্রনাথ সিংহ বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেএইচআর

Link copied!