নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
জুলাই ১, ২০২৬, ০৬:৫৬ পিএম
টাঙ্গাইলের নাগরপুরে নিখোঁজ হওয়ার তিন দিন পর এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সহবতপুর ইউনিয়নের বিন্নাওঝা গ্রামের একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম শওকত মোল্লা (৫৫)। তিনি সহবতপুর ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের মৃত জয়েদ আলী মোল্লার ছেলে।
পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে বিন্নাওঝা গ্রামের বাসিন্দা গাজী কবিরের পাটক্ষেতে একটি অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শওকত মোল্লার মরদেহ শনাক্ত করেন। পরে পুলিশে সংবাদ দিলে নাগরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহতের চাচাতো ভাই মো. আয়নাল মোল্লা (৪৩) বলেন, গত তিন দিন ধরে আমার ভাই শওকত মোল্লা নিখোঁজ ছিলেন। আজ দুপুর ১টার দিকে বিন্নাওঝা গ্রামে একটি লাশ পাওয়ার খবর পেয়ে আমরা সেখানে যাই এবং ভাইয়ের মরদেহ দেখতে পাই।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সহবতপুর ইউনিয়নের একটি পাটক্ষেত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেএইচআর