ঝালকাঠি প্রতিনিধি
জুলাই ১, ২০২৬, ০৭:৩৯ পিএম
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের দেশীয় মৌসুমি ফল সম্পর্কে সচেতন করা এবং পুষ্টিকর খাদ্যাভ্যাসে উৎসাহিত করার লক্ষ্যে ঝালকাঠিতে আনন্দঘন পরিবেশে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২টায় শহরের কোর্ট রোডে অবস্থিত সুইড বাংলাদেশ বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় শাখায় এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন দেশীয় মৌসুমি ফল পরিবেশন করা হয় এবং এসব ফলের পুষ্টিগুণ সম্পর্কে তাদের ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাদ্যের কোনো বিকল্প নেই। দেশীয় মৌসুমি ফলে প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টি উপাদান রয়েছে। তাই শিশুদের নিয়মিত খাদ্যতালিকায় এসব ফল রাখার পাশাপাশি তাদের আনন্দের সঙ্গে শেখার সুযোগ তৈরি করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সমাজের সবার দায়িত্ব রয়েছে। তাদের জন্য ইতিবাচক ও অংশগ্রহণমূলক উদ্যোগ বাড়াতে হবে। এ ধরনের আয়োজন শিশুদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সমাজের মূলধারার সঙ্গে সম্পৃক্ত হতে সহায়তা করবে বলে জানান তিনি।
সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেছা উল্লেখ করেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে পাঠদানের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলাও বিদ্যালয়ের দায়িত্ব। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আনন্দ দেওয়ার পাশাপাশি পুষ্টি বিষয়ে সচেতন করে তুলবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মাহমুদ রুমেন্স হাসান খান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেএইচআর