ঝালকাঠি প্রতিনিধি
জুলাই ১, ২০২৬, ০৭:৪৮ পিএম
ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নে বিষখালী নদীর তীব্র ভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। এ সময় ভাঙন রোধে জরুরি ব্যবস্থা হিসেবে ক্ষতিগ্রস্ত এলাকায় জিও ব্যাগ ফেলা হয়। একই সঙ্গে নদীভাঙন রোধে স্থায়ী প্রতিরোধব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা।
বুধবার বিকেলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ঝালকাঠির উদ্যোগে এ পরিদর্শন ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার আগে অতিথিরা ট্রলারে করে বড়ইয়া ইউনিয়নের ভাঙনকবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং নদীতে জিও ব্যাগ ফেলার কার্যক্রমের উদ্বোধন করেন।
এরপরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল বলেন, বিষখালী নদীর অব্যাহত ভাঙনে বড়ইয়া ইউনিয়নের বহু বসতবাড়ি, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে আপাতত জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। একই সঙ্গে ভাঙন রোধে দ্রুত একটি টেকসই ও স্থায়ী প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভাঙন প্রতিরোধে দীর্ঘমেয়াদি সমাধানের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সভায় সভাপতির বক্তব্যে পানি উন্নয়ন বোর্ড ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী এ.কে.এম. নিলয় পাশা বলেন, ভাঙনের তীব্রতা বিবেচনায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। পাশাপাশি স্থায়ী নদীশাসন প্রকল্পের জন্য প্রয়োজনীয় কারিগরি মূল্যায়ন ও প্রস্তাব প্রণয়নের কাজও চলমান রয়েছে।
জেএইচআর