আমার সংবাদ ডেস্ক
জুলাই ১, ২০২৬, ০৯:০৩ পিএম
জুলাই বিপ্লব ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। সেখানে তিনি ৫০ টাকায় সবাইকে ‘জুলাই যোদ্ধা’ সার্টিফিকেট দেওয়ার একটি রসাত্মক বুদ্ধি শেয়ার করেছেন। বুধবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এই পোস্ট করেন তিনি।
ফেসবুক পোস্টে উমামা ফাতেমা লিখেন, জুলাইয়ের এই এক মাস জুলাই সবার থাকবে, ঠিক আছে?
এর পরের অংশে তিনি কিছুটা উপহাসের সুরে লিখেন, ১ মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি, আমি সবাইকে জুলাই যোদ্ধা সার্টিফিকেট দেবো, প্রতি পিস ৫০ টাকা। ভোট করার সময় সার্টিফিকেট প্রাপ্তদের সাথে জোট করব, দারুণ সব উপাধি হবে- যেমন ‘জুলাইয়ের ফিনিক্স পাখি’, ‘জুলাইয়ের আবাবিল পাখি’, ‘জুলাইয়ের ইমাম’, ‘জুলাইয়ের মাস্টারমাইন্ড’।
সবশেষে এই কাল্পনিক পরিকল্পনা নিয়ে সবার মতামত জানতে চেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেত্রী লিখেন, কেমন লাগল আইডিয়াটা?
তবে ফেসবুক পোস্টে হঠাৎ কেন তিনি এই কথাগুলো লিখেছেন কিংবা কাকে উদ্দেশ্য করে এমন তীর্যক মন্তব্য করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু স্পষ্ট করেননি উমামা ফাতেমা। ধারণা করা হচ্ছে, জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব ও উপাধি নেওয়া নিয়ে বিভিন্ন মহলের রাজনৈতিক টানাপোড়েনকে ইঙ্গিত করেই তিনি এই রসাত্মক পোস্টটি করেছেন।
জেএইচআর