ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬
আর্জেন্টিনা-মিসর ম্যাচ

রেফারি ও ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর যুবকের

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ০১:৩৬ পিএম

রেফারি ও ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর যুবকের

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচে রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করে ফিফার সভাপতি ও ম্যাচ পরিচালনাকারী রেফারির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নোয়াখালীর এক যুবক। অভিযোগের পাশাপাশি তিনি পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। তবে বিষয়টি স্থানীয় থানার এখতিয়ারের বাইরে হওয়ায় পুলিশ অভিযোগ গ্রহণ করেনি।

অভিযোগকারী মো. রাকিব (২২) নোয়াখালী সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা। বুধবার (৮ জুলাই) রাতে তিনি সুধারাম মডেল থানায় গিয়ে লিখিত অভিযোগ জমা দেওয়ার চেষ্টা করেন।

অভিযোগপত্রে রাকিব উল্লেখ করেন, মঙ্গলবার রাতে করমুল্যা বাজারে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিসরের বিশ্বকাপ ম্যাচ দেখার সময় তিনি রেফারির একাধিক সিদ্ধান্তকে পক্ষপাতমূলক বলে মনে করেন। তার দাবি, বিতর্কিত পেনাল্টি প্রদান, বৈধ গোল বাতিল এবং মিসরের খেলোয়াড় ও কোচিং স্টাফের বিরুদ্ধে নেওয়া কয়েকটি সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে।

তিনি অভিযোগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরসহ ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে এসব সিদ্ধান্তের কারণে তিনি এবং মিসরের সমর্থকেরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন দাবি করে ফিফার কাছে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখছেন। স্থানীয় ফুটবলপ্রেমী মো. ইমরান হোসেন বলেন, ফুটবল নিয়ে আবেগ থাকাটা স্বাভাবিক, তবে আন্তর্জাতিক ম্যাচের রেফারিংয়ের অভিযোগ নিয়ে স্থানীয় থানায় যাওয়ার ঘটনা সত্যিই ভিন্নধর্মী।

নোয়াখালী জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি বলেন, খেলাধুলায় জয়-পরাজয় এবং রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকতেই পারে। তবে এ ধরনের বিষয়ে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার নিজস্ব বিধি ও প্রক্রিয়া রয়েছে। তাই খেলাকে খেলাধুলার মনোভাব নিয়ে গ্রহণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানান, এক যুবক এ ধরনের একটি লিখিত অভিযোগ নিয়ে থানায় এসেছিলেন। কিন্তু আন্তর্জাতিক ক্রীড়া-সংশ্লিষ্ট বিষয়ে স্থানীয় থানার কোনো আইনগত এখতিয়ার না থাকায় অভিযোগটি গ্রহণ করা হয়নি। বিষয়টি তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকালে মো. রাকিব বলেন, ম্যাচে যা ঘটেছে তা তিনি মেনে নিতে পারছেন না। তার দাবি, কোটি কোটি দর্শকের আবেগের সঙ্গে অবিচার করা হয়েছে। থানায় অভিযোগ গ্রহণ না করায় তিনি আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি প্রয়োজন হলে মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচিও পালন করবেন বলে জানান।

এএন

Link copied!