ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ১২:৫৫ পিএম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক পণ্যবাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম বাড়লেও নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের মূল্য কিছুটা কমেছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) এশিয়ার লেনদেনে স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৬ দশমিক ২৪ ডলারে নেমে আসে। এর আগের দিন বুধবার স্বর্ণের দাম ১ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।

এদিকে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারের দামও ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭৭ ডলারে লেনদেন হয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত তীব্র হওয়ায় জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। বুধবার প্রায় ৫ শতাংশ বাড়ার পর বৃহস্পতিবারও তেলের দামে ঊর্ধ্বগতি অব্যাহত ছিল। একই সঙ্গে মার্কিন ডলারের মান শক্তিশালী হয়েছে এবং বৈশ্বিক শেয়ারবাজারেও চাপ দেখা গেছে।

বাজারে নতুন অস্থিরতার সূচনা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণার পর। তিনি জানান, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে স্বাক্ষরিত সমঝোতা স্মারক আর কার্যকর নেই। এর পরপরই মার্কিন সামরিক বাহিনী জানায়, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচল নিরাপদ রাখতে তারা ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে।

বাজার বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যের সংকট দীর্ঘায়িত হলে তেলের দাম আরও বাড়তে পারে। এতে বৈশ্বিক মূল্যস্ফীতির ওপর চাপ বাড়বে এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে ধরে রাখতে পারে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৬ সালের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩ শতাংশ নির্ধারণ করেছে। অন্যদিকে ব্যাংক অব আমেরিকা ২০২৬ সালের গড় স্বর্ণমূল্যের পূর্বাভাস ১৪ শতাংশ কমিয়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৬০ ডলার করেছে। প্রতিষ্ঠানটির মতে, ফেডের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির কারণেই এ পূর্বাভাস সংশোধন করা হয়েছে।

স্বর্ণ ছাড়াও অন্যান্য মূল্যবান ধাতুর বাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। স্পট সিলভারের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮ দশমিক ১৩ ডলারে নেমেছে। তবে প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম উভয়ই ০.৪ শতাংশ করে বেড়েছে।

এম জি

Link copied!