ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দায়িত্ব গ্রহণের পর বিগত চার মাসের কাজের বিবরণ দিল জাকসু

জাবি প্রতিনিধি

জাবি প্রতিনিধি

জানুয়ারি ২৮, ২০২৬, ০৩:৩১ পিএম

দায়িত্ব গ্রহণের পর বিগত চার মাসের কাজের বিবরণ দিল জাকসু

দায়িত্ব গ্রহণের প্রথম চার মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। 

বুধবার সকাল সাড়ে এগারোটায় জাকসু ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে জাকসুর চার মাসের কার্যবিবরণী, অফিশিয়াল ওয়েবসাইট উদ্বোধন ও বিভিন্ন উদ্যোগের বিবরণ তুলে ধরা হয়।

গত চার মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) শিক্ষার্থীদের আবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়নে ধারাবাহিক কার্যক্রম বাস্তবায়ন করেছে। 

একই সাথে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। কার্যক্রমের শুরুতে জাতীয় স্মৃতিসৌধ, ‘অদম্য ২৪’ এবং প্রয়াত জিএসের কবর জিয়ারতের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। শহীদ আবরার ফাহাদের স্মরণে ৮ অক্টোবর ২০২৫ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে ৫৪তম ব্যাচের ১ হাজার ৮৮৯ জন শিক্ষার্থীর আবাসন ব্যবস্থাপনা নিয়ে জাকসু ও হল সংসদসমূহের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। 

ভর্তি পরীক্ষাকে সামনে রেখে তথ্যসেবা কেন্দ্র পরিচালনা, হল সংসদের সমন্বয়ে আবাসন ব্যবস্থা, অভিভাবকদের বসার স্থান, জরুরি চিকিৎসা সেবা, ইমার্জেন্সি বাইক রাইড ও ব্রেস্টফিডিং কর্নার চালু করা হয়।

পরিবহন ব্যবস্থাপনায় চলমান ৮টি কার্টের পাশাপাশি আরও ১০টি নতুন কার্ট সংযুক্ত করা হয় এবং রুট নির্ধারণ করা হয়। পরিবেশবান্ধব গতি নিয়ন্ত্রকসহ ১০০টি অটোরিকশা চালু করা হয়। ঢাকা থেকে ক্যাম্পাসে রাত ১০টার বাস চালু করা হয়। মিরপুর, খিলগাঁও ও উত্তরা রুটে বাস ট্রিপ বৃদ্ধি করা হয়। 

নবীনগর, আশুলিয়া ও কামারপাড়া রুটে নতুন বাস সার্ভিস চালু করা হয়। পূজার ছুটিতে ময়মনসিংহ রুটে বাস সার্ভিস চালু ছিল। এ ছাড়া ৪৯তম বিসিএস ও জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস ব্যবস্থাও করা হয়।

ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে প্রান্তিক, ডেইরি ও এমএইচ গেটে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির দাবিতে জাকসু ও প্রো-ভিসি (প্রশাসন)-এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। র‍্যাগিং প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এন্টি-র‍্যাগিং সেল গঠন করা হয়। 

স্বাস্থ্যসেবা খাতে মেডিকেল সেন্টারে ওজন মাপার যন্ত্র ও নেবুলাইজার সংযুক্ত করা হয়। ৮৫ ধরনের ওষুধ সরবরাহ এবং ৭ জন খণ্ডকালীন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। মেডিকেল ম্যানেজমেন্ট ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জাকসুর তত্ত্বাবধানে বটতলার খাবারে ঢাকনা ব্যবহার নিশ্চিত করা হয়। অভ্যন্তরীণ দোকান মালিক ও ব্যবসায়ীদের নিয়ে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ক্যাফেটেরিয়া খোলা রাখার সময়সীমা বৃদ্ধি এবং বিকেলের নাস্তা চালু করা হয়। পরিবেশ ও প্রাণ-প্রকৃতি সংরক্ষণে ওয়েস্ট ম্যানেজমেন্ট সরেজমিন পর্যবেক্ষণ ও ক্যাম্পাসের প্রায় ২০টি আবর্জনার স্তূপ পরিষ্কার করা হয়। 

ক্যাম্পাসে ৪০টি স্থায়ী ডাস্টবিন স্থাপন করা হয়। পথের প্রাণ ও জাকসুর যৌথ উদ্যোগে ক্যাম্পাসের বিড়াল ও কুকুরদের ভ্যাকসিনেশনের আওতায় আনা হয়। শীতকালীন অতিথি পাখির আগমনের আগে মনপুরা লেক সংস্কার ও মাচা নির্মাণ করা হয়।

ক্রীড়া ও সংস্কৃতির অংশ হিসেবে ফ্রেন্ডলি ক্রিকেট ও বাস্কেটবল ম্যাচ, ই-ফুটবল টুর্নামেন্ট এবং আন্তঃহল শর্টপিচ টুর্নামেন্ট আয়োজন করা হয়। লালন সন্ধ্যা, পালা উৎসব, কবি ফররুখ আহমদ স্মরণ অনুষ্ঠান, বিজয় দিবস উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতা, র‍্যালি ও চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়। জাকসু ও বিকেএসপির সমন্বয়ে সেলফ ডিফেন্স অ্যান্ড কালচারাল নাইট আয়োজন করা হয়।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে “মনের যত্ন: একাডেমিক ও ব্যক্তিগত জীবনের সমন্বয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ক্যারিয়ার পাথ অ্যান্ড হায়ার এডুকেশন এক্সপো আয়োজনের মাধ্যমে প্রায় দুই হাজার শিক্ষার্থী সেবা গ্রহণ করেন। সীরাতুন্নবী (সা.) উপলক্ষে ছাত্রীদের নিয়ে বিশেষ আয়োজন করা হয়। সামাজিক ও জাতীয় বিভিন্ন ইস্যুতে জাকসু ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে। তিস্তার ন্যায্য পানির দাবিতে রংপুরের শিক্ষার্থীদের মানববন্ধনে সংহতি জানানো হয়। বেসরকারি শিক্ষকদের চলমান আন্দোলনেও জাকসু সংহতি প্রকাশ করে।

অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে নতুন ছয়টি হলে গ্যাস সংযোগ সম্পন্ন করা হয়। কলা অনুষদের পার্কিং সমস্যা সমাধানে সাইকেল স্ট্যান্ড স্থাপন করা হয়।

ঢাকা–আরিচা মহাসড়ক সংলগ্ন এলাকায় ফুটপাত নির্মাণ, আলোকসজ্জা, স্পিডব্রেকার ও সড়ক সংস্কারসহ একাধিক প্রকল্প বাস্তবায়ন ও প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়াও চলমান ও আসন্ন মেহফিল ই ইনকিলাব, ইন্টারন্যাশনাল ক্যারিয়ার এক্সপো ও ৩০০+ আইইএলটিএস কোর্স, রমজান কেন্দ্রিক ছাত্রীদের জন্য স্বাস্থ্য সেমিনার, এ আই ইন্টেলিজেন্স ওয়ার্কশপ, প্রেজেন্টেশন স্কিল ওয়ার্কশপ, স্পোকেন ইংলিশ ওয়ার্কশপ, বটতলায় ইকো ওয়াশরুম, মেয়েদের হলে আজান শোনার ব্যবস্থা, মেডিকেল সেন্টার রিনোভেশন, কেন্দ্রীয় মসজিদ সংস্কার, মেয়েদের নামাজের জায়গা, অটোমেশন, বাস ট্র্যাকিং অ্যাপ, জুলাই হামলাকারীদের বিচার, একাডেমিক মাস্টারপ্ল্যান, আন্তর্জাতিক জার্নাল ও বিভিন্ন টুল ফ্রি সেবা, ইন্টারনেট সেবা এবং গবেষণা বাজেট বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

ইএইচ

Link copied!