যবিপ্রবি প্রতিনিধি
এপ্রিল ১৫, ২০২৬, ০১:১২ পিএম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পঞ্চম উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. ইয়ারুল কবির।
বুধবার (১৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের নিজ কার্যালয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি কার্যভার গ্রহণ করেন। যোগদানের পর শিক্ষক-শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে চাইলে তিনি তা গ্রহণ না করে সবার কাছে দোয়া কামনা করেন।
যোগদান প্রক্রিয়ার আগে অধ্যাপক ড. ইয়ারুল কবির বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, রেজিস্ট্রার কাজী মো. জালালুদ্দিনসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। যোগদানের আনুষ্ঠানিকতা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 'জিয়া ট্রি' কর্মসূচির আদলে ক্যাম্পাস প্রাঙ্গণে একটি নিম গাছ রোপণ করেন নবনিযুক্ত উপাচার্য।
যবিপ্রবিকে শিক্ষা ও গবেষণায় আরও অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে অধ্যাপক ড. ইয়ারুল কবির বলেন, এই বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় ইতিমধ্যে অনেক সুনাম অর্জন করেছে। আমাদের লক্ষ্য থাকবে এই একাডেমিক ও গবেষণার কাজকে আরও বেগবান করা।
তিনি আরও উল্লেখ করেন, অন্য অনেক বিশ্ববিদ্যালয় থেকে প্রস্তাব পেলেও তার প্রথম পছন্দ ছিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যবিপ্রবিকে সামনে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তিনি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
অধ্যাপক ড. ইয়ারুল কবির একজন প্রথিতযশা শিক্ষাবিদ ও গবেষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয় থেকে নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রি বিষয়ে পিএইচডি অর্জন করেন। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত এই গুণী অধ্যাপক ১৯৮৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।
এছাড়া কুয়েত বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি জাপান ও জার্মানিসহ বিভিন্ন দেশে পোস্ট-ডক্টরাল গবেষণা ও পরিদর্শক বিজ্ঞানী হিসেবে কাজ করার সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে তার। উল্লেখ্য যে, গত ১৩ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই পদে নিয়োগ প্রদান করা হয়।
জেএইচআর