আমার সংবাদ ডেস্ক
মে ১, ২০২৬, ০৫:০৯ পিএম
চলতি বছরের আলিম পরীক্ষার্থীদের জন্য ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করেছে মাদরাসা শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিলম্ব ফিসহ শিক্ষার্থীরা আগামী ৬ মে পর্যন্ত ফরম পূরণ করতে পারবে। আর ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ মে।
বৃহস্পতিবার ৩০ এপ্রিল বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বোর্ডের অধীনস্থ আলিম পর্যায়ের সব মাদরাসার অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষদের বিষয়টি অবহিত করা হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের আলিম পরীক্ষার ফরম পূরণের নির্ধারিত সময় বাড়িয়ে ৬ মে করা হয়েছে, যা বিলম্ব ফিসহ প্রযোজ্য হবে।
এছাড়া, গত ২২ ফেব্রুয়ারির পূর্বের বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।
বোর্ড সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে অনেক শিক্ষার্থী ফরম পূরণ করতে না পারায় তাদের কথা বিবেচনা করেই সময় বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এম জি