ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬
শিক্ষামন্ত্রী

আবহাওয়া পরিস্থিতি পর্যালোচনা করেই এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ০৩:৩৩ পিএম

আবহাওয়া পরিস্থিতি পর্যালোচনা করেই এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত

দেশজুড়ে টানা বৃষ্টি ও সম্ভাব্য দুর্যোগের মধ্যে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, জেলা প্রশাসন, শিক্ষা বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য বিশ্লেষণ করেই পরীক্ষা গ্রহণ বা স্থগিত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফল প্রকাশ অনুষ্ঠানের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিজনিত পরিস্থিতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। গতকাল থেকেই ৬৪ জেলার জেলা প্রশাসক এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। কোথায় কী ধরনের পরিস্থিতি বিরাজ করছে, তা নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস পাওয়ার পর আবারও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, যদি কোনো এলাকার পরীক্ষা স্থগিত করার প্রয়োজন হয়, তাহলে সেই পরীক্ষাগুলো পরবর্তী সময়ে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করেই সরকার সিদ্ধান্ত নেবে।

প্রশ্নফাঁসের গুজব প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বাস্তবে কোনো প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না। টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে একটি প্রতারক চক্র ভুয়া প্রশ্নপত্র বিক্রির নামে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করছে।

তিনি সংবাদমাধ্যমের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, প্রশ্নপত্র ফাঁস হয়েছে- এমনভাবে সংবাদ প্রকাশ করলে প্রতারক চক্র উৎসাহিত হয়। বরং পরিষ্কারভাবে তুলে ধরা উচিত যে প্রশ্নপত্র ফাঁস হয়নি এবং এসব গুজবের পেছনে প্রতারণার উদ্দেশ্য রয়েছে।

মন্ত্রী আরও জানান, এ ধরনের সাইবার অপরাধ দমনে বিদ্যমান আইন আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

পরীক্ষাকেন্দ্রে অনিয়মের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ভোলার চরফ্যাশনের একটি পরীক্ষাকেন্দ্রে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে মামলা হয়েছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া কুমিল্লায় একজন শিক্ষক নিজের পরিবর্তে একজন শিক্ষার্থীকে দিয়ে উত্তরপত্র মূল্যায়নের ঘটনায় ওই শিক্ষককে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সেই ঘটনায় জড়িত শিক্ষার্থীকে খুঁজে বের করার কাজও চলছে বলে জানান তিনি।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, পরীক্ষা পরিচালনায় কোনো ধরনের অনিয়ম বা শৃঙ্খলাভঙ্গ বরদাশত করা হবে না। প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।

এএন

Link copied!