আমার সংবাদ ডেস্ক
জুলাই ১২, ২০২৬, ০৩:৩৮ পিএম
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের যাতায়াতে বিঘ্ন ঘটায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান অর্ধবার্ষিক, প্রাক-নির্বাচনী, বার্ষিক ও অন্যান্য নির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে।
রোববার (১২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা শাহরীন খান রূপা।
তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর অনেক শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। কিছু প্রতিষ্ঠান এ বিষয়ে শিক্ষা বিভাগের সঙ্গে যোগাযোগ করেছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নবাবগঞ্জ উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান রোববারের পরীক্ষা স্থগিত করেছে। রাজধানীর কিছু প্রতিষ্ঠান সকালে পরীক্ষা নিলেও দুপুরের পরীক্ষা বাতিল করেছে। আবার অনেক প্রতিষ্ঠান দিনের উভয় বেলার পরীক্ষাই স্থগিত রেখেছে।
বৈরী আবহাওয়ার কারণে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির অর্ধবার্ষিক, দশম শ্রেণির প্রাক-নির্বাচনী এবং একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির এক শিক্ষক জানিয়েছেন।
এদিকে, জলাবদ্ধতার কারণে মিল্লাত হাই স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শাখার সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত করে নোটিশ প্রকাশ করেছে। বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, মনিপুর উচ্চ বিদ্যালয় এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজও রোববারের নির্ধারিত পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে।
মিরপুরের বিসিআইসি কলেজ চতুর্থ, ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির পরীক্ষা স্থগিত করেছে। নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ও প্রাক-নির্বাচনী ও অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করেছে।
এ ছাড়া সিদ্ধান্ত হাইস্কুল, মতিঝিল কলোনি হাইস্কুল এবং গেন্ডারিয়ার ফজলুল হক মহিলা কলেজেও রোববারের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফজলুল হক মহিলা কলেজের একাদশ শ্রেণির পরীক্ষা এবং অনার্স চতুর্থ বর্ষের ইনকোর্স পরীক্ষাও স্থগিত করা হয়েছে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।
এম জি