নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৫, ২০২৫, ১১:০৯ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বক্তব্যের বিষয়ে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
কমিশন জানিয়েছে, সিইসি এই হামলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং দ্রুত হামলাকারীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হওয়ার পর, এ বিষয়ে ইসির বক্তব্য হিসেবে বলা হয়েছে যে, শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলাকে প্রধান নির্বাচন কমিশনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়েছেন।
এর অংশ হিসেবে রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কমিশন জরুরি সভা করে।
সভায় প্রধান নির্বাচন কমিশনার দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নির্বাচন কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কঠোর নির্দেশনা দিয়েছে।
জ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার মূলত তার বক্তব্যে বুঝাতে চেয়েছেন যে, ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। কমিশন ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। উপর্যুক্ত বর্ণনা প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের বিষয়ে ভুল বোঝাবুঝির অবসান করবে বলে কমিশন মনে করে।
ইএইচ