ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
মিশেল ওবামা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতি এখনও নারী নেতৃত্ব মেনে নিতে প্রস্তুত নয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৫, ১২:০৪ এএম

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতি এখনও নারী নেতৃত্ব মেনে নিতে প্রস্তুত নয়

মার্কিন রাজনীতির কেন্দ্রবিন্দুতে লিঙ্গ সমতার প্রশ্নটি নতুন নয়, তবে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার সাম্প্রতিক মন্তব্যে বিষয়টি আবারও সামনে চলে এসেছে। 

তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, যুক্তরাষ্ট্র এখনো একজন নারী প্রেসিডেন্ট নির্বাচনে মানসিকভাবে প্রস্তুত নয়। তার মতে, সমাজে নারীর নেতৃত্বকে স্বাভাবিকভাবে গ্রহণ করার মতো ‘রাজনৈতিক পরিপক্বতা’ এখনো মার্কিন জনগণ অর্জন করতে পারেনি।

গত সপ্তাহে নিউইয়র্কের ব্রুকলিনে নিজের নতুন বই 'দ্য লুক'-এর মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অভিনেত্রী ট্রেসি এলিস রসের সঙ্গে কথোপকথনের সময় এ মন্তব্য করেন মিশেল ওবামা। অনুষ্ঠানটি পরে তাঁর ইউটিউব চ্যানেলেও প্রকাশ করা হয়।

সেখানে রস প্রশ্ন করেন মার্কিন রাজনীতি কি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে একজন নারীকে দেশের শীর্ষ নেতৃত্বে বসানোর মতো পরিবেশ তৈরি হয়েছে?

উত্তরে মিশেল ওবামা নিঃসংকোচে বলেন, গত নির্বাচনে আমরা দেখেছি—দুঃখের বিষয়, সত্যিই আমরা প্রস্তুত নই। তাই আমার দিকে তাকিও না। তোমরা সবাই বলো একজন নারীকে চাও, কিন্তু বাস্তবে তোমরা প্রস্তুত নও।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে এখনো এমন এক অংশ আছে যারা নারী নেতৃত্বকে অগ্রহণযোগ্য মনে করে। বিশেষ করে প্রেসিডেন্ট পদে নারীকে ভাবতেই পারেন না অনেক পুরুষ ভোটার। এই মানসিকতা বদলে যেতে সময় লাগবে।

যদিও মিশেল ওবামা সরাসরি কোনো নাম উল্লেখ করেননি, বিশ্লেষকদের মতে তার বক্তব্য ২০২৪ সালের নির্বাচনের ফলাফলের দিকেই ইঙ্গিত করে যেখানে ডেমোক্র্যাট প্রার্থী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হ্যারিসের পরাজয় প্রমাণ করে যে যুক্তরাষ্ট্রে নারীর সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হওয়ার পথ এখনও কঠিন।

মিশেল ওবামাকে নিয়ে বহু বছর ধরেই মার্কিন রাজনীতিতে আলোচনা—তিনি কি কখনো প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন?
এই প্রশ্নে তিনি আবারও সুস্পষ্ট অবস্থান জানান।

তার ভাষায়, আমি প্রতিদ্বন্দ্বিতা করব না। মানুষ ভেবে নেয় আমি দাঁড়াব, কিন্তু আমি জানি—আমাদের সমাজ এখনও এমন নারী নেত্রীকে পুরোটা গ্রহণ করতে প্রস্তুত নয়। ২০১৬ সালেও একইভাবে তিনি প্রার্থী হওয়ার সম্ভাবনা নাকচ করেছিলেন।

অনুষ্ঠানে মিশেল ওবামা তার বই 'দ্য লুক' নিয়ে কথা বলেন। বইটিতে তিনি হোয়াইট হাউসে থাকা সময়ে ফ্যাশন, নারীসত্তা, রাজনীতি ও নিজের অবস্থানকে কীভাবে সামলেছেন—তা খোলামেলা বলেছেন।

তিনি বলেন, একজন কৃষ্ণাঙ্গ নারী হিসেবে হোয়াইট হাউসে তাঁর পোশাক, উপস্থিতি ও নেতৃত্বের প্রকাশ বহুবার অযৌক্তিক সমালোচনার মুখে পড়েছে।

মিশেল ওবামা মনে করেন নারী নেত্রীকে নিয়ে আমেরিকান সমাজে বাহ্যিক সমর্থন দেখা গেলেও ভেতরে ভেতরে এক ধরনের প্রতিরোধ আছে। 

তিনি বলেন, আমাদের অনেক অগ্রগতি হয়েছে ঠিকই, কিন্তু মাথার ভেতরের দেয়ালগুলো এখনো ভাঙেনি।

তিনি আরও বলেন, নারীদের সক্ষমতা নিয়ে সন্দেহ এখনও এতটাই গভীর যে প্রেসিডেন্ট নির্বাচনে একজন নারীকে দায়িত্ব দেওয়ার চিন্তা পুরো দেশকে একত্রিত করতে পারে না।

গত বছর কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছিলেন মিশেল ওবামা। সেই সময় তিনি ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য পুনরাগমনকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য ‘ঝুঁকি’ বলে মন্তব্য করেছিলেন। বিশেষ করে নারীর অধিকার ও স্বাস্থ্যসেবা নিয়ে ট্রাম্পের অবস্থানকে তিনি হুমকি হিসেবে দেখেন।

মিশেলের এই মন্তব্য ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। একদল মনে করেন ২০১৬ সালের অভিজ্ঞতা ও ২০২৪ সালের নির্বাচনের ফলাফলই তাঁর মন্তব্যকে বৈধতা দেয়। অন্যরা অবশ্য বলছেন সমাজ বদলাচ্ছে, এবং খুব দ্রুতই নারী প্রেসিডেন্টের পথ খুলে যাবে।

তবে মিশেল ওবামা নিজে অন্তত এখনই সে পথ পাড়ি দিতে রাজি নন।

ইএইচ

Link copied!