আন্তর্জাতিক ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২৫, ০৩:৫৪ পিএম
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের স্টেটসভিল শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দেশটির কিংবদন্তি মোটরগাড়ি রেসার গ্রেগ বিফেলসহ ৭ জন নিহত হয়েছেন।
পুলিশ ধারণা করছে, নিহতদের সবাই বিফেলের পরিবারের সদস্য। বৃহস্পতিবার সকালে নর্থ ক্যারোলাইনা বিমানবন্দর থেকে ফ্লোরিডার উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক উড্ডয়ন ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটঅ্যাওয়ার’-এর তথ্যমতে, বিধ্বস্ত বিমানটি ছিল একটি সেসনা ৫৫০ বিজনেস জেট, যার মালিক ছিলেন স্বয়ং গ্রেগ বিফেল। নর্থ ক্যারোলাইনা হাইওয়ে পেট্রোল পুলিশ জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে স্থানীয় সময় বেলা ১০টা ১৫ মিনিটে স্টেটসভিল বিমানবন্দরের রানওয়েতে বিমানটি আছড়ে পড়ে। বিধ্বস্ত হওয়ার পরপরই জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে বিমানে আগুন ধরে যায়, ফলে উদ্ধারকাজ শুরু করতে বেশ বেগ পেতে হয়।
পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে এলে পুড়ে যাওয়া বিমানটি থেকে গ্রেগ বিফেলসহ ৭ জনের দগ্ধ দেহাবশেষ উদ্ধার করেন উদ্ধারকারীরা। ৫৫ বছর বয়সী গ্রেগ বিফেল ছিলেন যুক্তরাষ্ট্রের রেসিং জগতের এক উজ্জ্বল নক্ষত্র।
২০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি বিভিন্ন জাতীয় ও রাজ্য পর্যায়ের টুর্নামেন্টে ১৯ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ২০২২ সালে পেশাদার রেসিং থেকে অবসর নেওয়া এই তারকা যুক্তরাষ্ট্রের সর্বকালের সেরা ৭৫ জন রেসারের তালিকায় স্থান পেয়েছিলেন।
মার্কিন জাতীয় গাড়ি রেসিং সংস্থা ‘নাসকার’ এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। রানওয়েতে বিমান আছড়ে পড়ার পর স্টেটসভিল বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। ইতিমধ্যে মার্কিন সড়ক নিরাপত্তা বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছে।
ইএইচ