আন্তর্জাতিক ডেস্ক
জানুয়ারি ৩, ২০২৬, ১১:৩৫ পিএম
ভেনেজুয়েলায় এক নজিরবিহীন সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে মার্কিন বাহিনী। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, যতক্ষণ পর্যন্ত ভেনেজুয়েলায় একটি নিরাপদ ও বিচক্ষণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন না হচ্ছে, ততক্ষণ দেশটির শাসনভার যুক্তরাষ্ট্রই পরিচালনা করবে।
শনিবার ফ্লোরিডার স্থানীয় সময় রাত ১১টায় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
বিবিসি'র প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সেনারা অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে এই অভিযান পরিচালনা করে।
ট্রাম্প জানান, অভিযানের সময় ভেনেজুয়েলার সামরিক বাহিনীকে পুরোপুরি অচল করে দেওয়া হয়েছিল।
তিনি বলেন, “বিশ্বের অন্য কোনো দেশ তা অর্জন করতে পারত না, যা যুক্তরাষ্ট্র গতকাল করে দেখিয়েছে। আমাদের বিশেষ বাহিনীর সদস্যরা এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় মধ্যরাতের অন্ধকারে অত্যন্ত সফলভাবে মাদুরোকে বন্দি করা হয়েছে। কারাকাস শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে ঘুটঘুটে অন্ধকারে এই নিপুণ অভিযান চালানো হয়।”
ট্রাম্প আরও জানিয়েছেন যে, বর্তমানে নিকোলাস মাদুরো মার্কিন সেনাদের হেফাজতে রয়েছেন এবং তাকে খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার মুখোমুখি করা হবে। অভিযানে মার্কিন বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও তিনি নিশ্চিত করেন।
ভেনেজুয়েলার বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে শান্তি বজায় রাখতে প্রয়োজনে দ্বিতীয়বার বড় ধরনের হামলার হুমকি দিয়ে রাখলেও, প্রথম অভিযানেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হওয়ায় আর হামলার প্রয়োজন হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
এই ঐতিহাসিক ও বিতর্কিত অভিযানের মূল পরিকল্পনায় থাকা শীর্ষ ব্যক্তিবর্গ হলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশেষ কমান্ডো বাহিনীর প্রধানগণ। এই ঘটনার ফলে দক্ষিণ আমেরিকার ভূ-রাজনীতিতে এক চরম উত্তেজনা ও নতুন সমীকরণ তৈরি হয়েছে।
ইএইচ