আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ১১, ২০২৬, ১২:২১ পিএম
যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই-এর প্রধান স্যাম অল্টম্যানের বাসভবনে মলোটভ ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আলজাজিরা।
পুলিশের তথ্য অনুযায়ী, এক হামলাকারী বাড়ির বাইরে একটি মলোটভ ককটেল ছুড়ে মারলে গেটের অংশে আগুন ধরে যায়। ঘটনার পর তিনি হেঁটে পালিয়ে যান। পরে প্রায় এক ঘণ্টার মধ্যেই সানফ্রান্সিসকো পুলিশ তাকে গ্রেপ্তার করে। আটক ব্যক্তির বয়স ২০ বছর বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ঘটনাটি শহরের নর্থ বিচ এলাকার একটি আবাসিক ভবনে ঘটে। হামলার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
ওপেনএআই-এর এক মুখপাত্র নিশ্চিত করেছেন, হামলার শিকার স্থানটি স্যাম অল্টম্যানের বাসভবন। তিনি জানান, ঘটনাটিতে কেউ আহত হননি এবং দ্রুত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ ও বিরোধিতার প্রেক্ষাপটে ওপেনএআই-এর সদর দপ্তরে সাময়িক লকডাউন জারি করা হয়েছিল বলেও জানা যায়।
বিশ্বজুড়ে এআই প্রযুক্তি নিয়ে বিতর্ক চললেও প্রতিষ্ঠানটি দ্রুত সম্প্রসারণ অব্যাহত রেখেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ওপেনএআই-এর বাজারমূল্য প্রায় ৮৫২ বিলিয়ন ডলার এবং চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ৯০ কোটিরও বেশি।
এএন