আন্তর্জাতিক ডেস্ক
মে ৬, ২০২৬, ০৪:২৩ পিএম
আরব সাগরে যান্ত্রিক ত্রুটিতে অচল হয়ে পড়া একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজকে সহায়তা দিয়েছে পাকিস্তান নৌবাহিনী। বিপদ সংকেত পাওয়ার পর দ্রুত উদ্ধার তৎপরতা চালানো হয় বলে জানিয়েছে দেশটির সামরিক কর্তৃপক্ষ।
জানা গেছে, ‘এমভি গৌতম’ নামের জাহাজটি ওমান থেকে ভারতের পথে থাকাকালে হঠাৎ যান্ত্রিক সমস্যায় পড়ে মাঝ সমুদ্রে থেমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জাহাজটি থেকে জরুরি সংকেত পাঠানো হয়।
এ ঘটনার পর মুম্বাইভিত্তিক মেরিটাইম রেসকিউ অ্যান্ড কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) পাকিস্তানের সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা চায়। অনুরোধ পাওয়ার পর পাকিস্তান নৌবাহিনী ‘পিএমএসএস কাশ্মীর’ নামের জাহাজ পাঠিয়ে উদ্ধার অভিযানে অংশ নেয়।
উদ্ধার কার্যক্রমে জাহাজে থাকা নাবিকদের খাবার, চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া হয়। জাহাজটিতে মোট সাতজন ক্রু ছিলেন, যার মধ্যে ছয়জন ভারতীয় ও একজন ইন্দোনেশীয় নাগরিক।
বর্তমানে জাহাজটি নিরাপদ অবস্থায় রয়েছে এবং নাবিকদের শারীরিক অবস্থাও স্থিতিশীল বলে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে উদ্ধার অভিযানের বিভিন্ন মুহূর্ত দেখা গেছে, যেখানে নৌবাহিনীর সদস্যদের সক্রিয় সহায়তা দিতে দেখা যায়।
এএন