আন্তর্জাতিক ডেস্ক
মে ১২, ২০২৬, ০২:২১ পিএম
যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। মঙ্গলবার এক ডলারের বিপরীতে রুপির বিনিময় হার দাঁড়ায় ৯৫ দশমিক ৫৮, যা এখন পর্যন্ত সর্বনিম্ন বলে জানিয়েছে বাজার সংশ্লিষ্টরা। টানা দুই দিনের পতনে বৈদেশিক বাজারে ভারতীয় রুপির এ বেহাল দশা তৈরি হয়েছে।
এর আগের দিন সোমবার বাজার শেষে প্রতি ডলার ছিল ৯৫ দশমিক ৩১ রুপি, যা ছিল এক মাসের মধ্যে সবচেয়ে বড় একদিনের পতন। মঙ্গলবার সেই রেকর্ডও ছাড়িয়ে যায় রুপি।
বিশ্লেষকদের মতে, এই পতনের পেছনে রয়েছে একাধিক কারণ। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ভারতের আমদানিকারকদের অতিরিক্ত ডলারের চাহিদা এবং বিদেশি বিনিয়োগকারীদের বাজার থেকে অর্থ তুলে নেওয়ার প্রবণতা রুপির ওপর চাপ সৃষ্টি করেছে।
এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক ভূরাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক ঘিরে অনিশ্চয়তা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিদ্যমান যুদ্ধবিরতি পরিস্থিতিকে “লাইফ সাপোর্টে” রয়েছে বলে মন্তব্য করেছেন। এতে তেলের বাজারে নতুন অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকলে এবং তেলের দাম নিয়ন্ত্রণে না এলে ভারতীয় রুপির ওপর আরও চাপ বাড়তে পারে। এতে ভারতের বৈদেশিক বাণিজ্য ও অর্থনৈতিক ভারসাম্যও ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এএন