ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

সমালোচনার মুখে জ্যোতিষী ওএসডিকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৩, ২০২৬, ০৮:৫৪ পিএম

সমালোচনার মুখে জ্যোতিষী ওএসডিকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

ব্যাপক সমালোচনার মুখে রাধন পণ্ডিত ভেত্রিভেল নামের এক জ্যোতিষীকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পদ থেকে সরিয়ে দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয়। 

বুধবার তামিলনাড়ু বিধানসভায় আস্থা ভোটে জয়ী হওয়ার পরপরই মুখ্যমন্ত্রী এই নির্দেশ দেন।

সাবেক মুখ্যমন্ত্রী জে জয়ললিতার এক সময়ের প্রধান উপদেষ্টা ভেত্রিভেলকে ওএসডি হিসেবে নিয়োগ দেওয়ায় রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল। জয়ললিতার ঘনিষ্ঠ মহলে একসময় তার ব্যাপক প্রভাব থাকলেও একটি বড় ভবিষ্যদ্বাণী ভুল হওয়ার পর তাদের সম্পর্ক ছিন্ন হয়। ২০১৪ সালে আয়বহির্ভূত সম্পদ মামলায় জয়ললিতার কারাদণ্ড হবে না বলে তিনি আশ্বস্ত করেছিলেন, কিন্তু আদালতের রায়ে জয়ললিতার সাজা হলে তাদের সম্পর্কের অবনতি ঘটে।

জয়ললিতার সঙ্গ ছাড়ার পর ভেত্রিভেল সিঙ্গাপুরে পাড়ি জমান এবং নিজের নাম পরিবর্তন করে ‘রাধন পণ্ডিত ভেত্রিভেল’ রাখেন। প্রবাসী ভারতীয়দের মধ্যে পরিচিতি বাড়াতে তিনি এই কৌশল নিয়েছিলেন বলে ধারণা করা হয়। ২০০৮ সালে ভারত ফিরে এসে দিল্লির পর চেন্নাইতে থিতু হন তিনি। একটি সূত্রের দাবি, এক মধ্যস্থতাকারীর মাধ্যমে তিনি অভিনেতা বিজয়ের রাজনৈতিক বলয়ে প্রবেশ করেন।

থালাপতি বিজয়ের রাজনৈতিক উত্থানে ভেত্রিভেলের ভূমিকা ছিল দৃশ্যমান। তিনি বিজয়কে ‘ভি’ অক্ষর দিয়ে শুরু এমন আসন থেকে নির্বাচন করার পরামর্শ দিয়েছিলেন। এমনকি নির্বাচনের আগেই তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, তামিলনাড়ুর রাজনীতিতে বিজয়ের এক অভাবনীয় উত্থান ঘটবে।

বুধবার তামিলনাড়ু বিধানসভায় ১৪৪ ভোট পেয়ে আস্থা ভোটে জয়ী হন মুখ্যমন্ত্রী বিজয়। জয়ের পরপরই প্রশাসনিক স্বচ্ছতা ও জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বিতর্কিত এই জ্যোতিষীকে ওএসডি পদ থেকে অপসারণের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এই পদক্ষেপকে বিজয়ের রাজনৈতিক পরিপক্কতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

জেএইচআর

Link copied!