আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ১১, ২০২৬, ০৫:২৩ পিএম
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণের পর দেওয়া প্রথম বার্তায় তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, প্রতিশোধ আমাদের জাতির দাবি এবং এটি অবশ্যই নেওয়া হবে।
বাবার জানাজা শেষে প্রকাশিত এক লিখিত বার্তায় মোজতবা খামেনি বলেন, আমি আপনার পবিত্র রক্ত এবং এই দুই যুদ্ধে নিহত সব শহীদের রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করছি।
রাষ্ট্রঘনিষ্ঠ ফার্স সংবাদ সংস্থায় প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, আমাদের শত্রুরা জানে, এই বিষয়টি শুধু আমার অস্তিত্ব বা অন্য কোনো কর্মকর্তার ওপর নির্ভর করে না।
তিনি আরও দাবি করেন, এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী, তাদের পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য ‘সম্পূর্ণভাবে জানা এবং নথিভুক্ত’ রয়েছে।
মোজতবা খামেনির এই বার্তা আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সতর্কবার্তার কয়েক ঘণ্টা পর। ট্রাম্প বলেন, ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে, তাহলে দেশটিকে ‘ধ্বংস করে দেওয়া হবে’।
এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বাবার জানাজাকে কেন্দ্র করে মোজতবা খামেনি একটি বার্তা দেবেন। তবে সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর তিনি এখনো জনসম্মুখে আসেননি। এ পর্যন্ত তিনি শুধু লিখিত বিবৃতির মাধ্যমেই সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন।
নিজের বার্তায় বাবার জানাজায় অংশ নেওয়া বিপুলসংখ্যক মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোজতবা খামেনি। তিনি এই উপস্থিতিকে ‘শত্রুদের পরাজিত করা এবং ঐতিহাসিক উপস্থিতি’ বলে উল্লেখ করেন।
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন। একই হামলায় মোজতবা খামেনিও আহত হয়েছিলেন বলে জানা গেছে। এরপর থেকে তিনি আর জনসম্মুখে আসেননি।
এম জি