আন্তর্জাতিক ডেস্ক
মে ১৫, ২০২৬, ০৩:০৯ পিএম
ভারতের উত্তরপ্রদেশের মুরাদাবাদের এক নামকরা পিতল ব্যবসায়ীর বাড়িতে এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে। গত ১১ মে ভোর আনুমানিক ৪টার দিকে ব্যবসায়ী মোহাম্মদ ইমরানের বাড়িতে সশস্ত্র ডাকাত দল ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে বড় অঙ্কের অর্থ ও স্বর্ণালংকার লুট করে নেয়।
ঘটনার সময় বাড়িতে ছিলেন ইমরান, তার স্ত্রী সীমা এবং তাদের চার সন্তান। ডাকাতরা প্রায় ১ কোটি ২০ লাখ টাকা নগদ এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে যায়। যাওয়ার সময় তারা সিসিটিভি ক্যামেরার ডিভিআরও খুলে নিয়ে যায়, যাতে কোনো প্রমাণ না থাকে।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলে পুলিশ তদন্ত শুরু করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিষয়টি গুরুত্ব দিয়ে চারটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়।
তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ সন্দেহজনক সূত্র পায়। পরে জানা যায়, ব্যবসায়ীর মেয়ে আরিবা দীর্ঘ প্রায় সাত-আট বছর ধরে অমরোহার বাসিন্দা আরশাদ ওয়ারসির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন।
পুলিশের দাবি, পারিবারিকভাবে সম্পর্ক মেনে নেওয়া হবে না-এমন আশঙ্কা থেকে আরিবা ও তার প্রেমিক মিলে ডাকাতির পরিকল্পনা করেন। অভিযোগ অনুযায়ী, আরিবা বাড়ির চাবি দেওয়া থেকে শুরু করে ডাকাতদের প্রবেশে সহায়তাও করেন এবং বাড়িতে কোথায় কত টাকা আছে সেই তথ্য প্রেমিক আরশাদকে জানান।
এ ঘটনায় এখন পর্যন্ত আরিবা, তার প্রেমিক আরশাদ ওয়ারসি এবং আরও তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৪৭ লাখ ২৪ হাজার টাকা নগদ, চারটি দেশি পিস্তল, পাঁচটি মোবাইল ফোন এবং দুটি গাড়ি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, লুট হওয়া বাকি অর্থ উদ্ধারের চেষ্টা চলছে এবং এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এম জি