আন্তর্জাতিক ডেস্ক
জুন ৩, ২০২৬, ০৯:৩৫ পিএম
ভারতের কর্ণাটক রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন কংগ্রেস নেতা ও সাবেক উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার।
বুধবার দুপুরে তিনি রাজ্যের ১৮তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। এর মধ্য দিয়ে রাজ্যের নেতৃত্ব নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটেছে।
সম্প্রতি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান সিদ্ধারামাইয়া। তার স্থলাভিষিক্ত হয়েছেন ৬৪ বছর বয়সী ডি কে শিবকুমার।
শপথগ্রহণ অনুষ্ঠানে কংগ্রেসের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে। এছাড়া বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতারাও অনুষ্ঠানে যোগ দেন। তাদের মধ্যে ছিলেন কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সতীশান, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।
ডি কে শিবকুমারের সঙ্গে আরও ১৩ জন মন্ত্রী শপথ গ্রহণ করেন। জি পরমেশ্বর উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নতুন মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য আগের সরকারেও দায়িত্ব পালন করেছেন।
নতুন মুখগুলোর মধ্যে রয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার ছেলে যাথিন্দ্র সিদ্ধারামাইয়া এবং মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়াঙ্ক খাড়গে। কর্ণাটক মন্ত্রিসভায় মোট ৩৪ জন সদস্য রাখার অনুমোদন রয়েছে।
প্রথমে শপথগ্রহণ অনুষ্ঠান বেঙ্গালুরুর বিধান সৌধের বাইরে আয়োজনের পরিকল্পনা করা হলেও যানজটের সম্ভাবনা বিবেচনায় পরে তা লোক ভবনের গ্লাস হাউসে স্থানান্তর করা হয়।
অনুষ্ঠানে কয়েকজন ধর্মীয় নেতাও উপস্থিত ছিলেন। রাজনৈতিক মহলে তারা নতুন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে কর্ণাটকের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হলো।
এম জি