আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ১১, ২০২৬, ০৬:৪২ এএম
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি প্রকাশ্যে উসকানি ও সমর্থন দিয়েছে বলে অভিযোগ তুলেছে রাশিয়া। একই সঙ্গে পশ্চিমা দেশগুলোর ‘দ্বিমুখী অবস্থান’ নিয়েও তীব্র সমালোচনা করেছে মস্কো।
শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে রাশিয়ার উপ-স্থায়ী প্রতিনিধি আনা ইয়েভস্তিগনেয়েভা বলেন, ইরানের বেসামরিক স্থাপনায় হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা নিয়ে পশ্চিমা দেশগুলো নীরব থেকেছে। বরং তারা এমন কর্মকাণ্ডকে পরোক্ষভাবে উৎসাহ দিয়েছে।
রুশ প্রতিনিধি বলেন, নিরাপত্তা পরিষদের বেশ কয়েকটি সদস্য দেশ বাস্তব পরিস্থিতি আড়াল করার চেষ্টা করছে। একই সঙ্গে প্রক্রিয়াগত নানা প্রশ্ন তুলে মূল ইস্যু থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের অবস্থানে রাশিয়া গভীর হতাশা প্রকাশ করছে বলেও জানান তিনি।
এদিকে ইরানের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দেশটিতে কর্মরত রুশ নাগরিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি সংস্থা রোসাটম।
সংস্থাটি জানিয়েছে, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ বিশেষজ্ঞদের ধাপে ধাপে প্রত্যাহার করা হচ্ছে। এরই মধ্যে ছয়জন কর্মী নিরাপদে তেহরানে পৌঁছেছেন।
রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, সাম্প্রতিক হামলার পর বুশেহর বিদ্যুৎকেন্দ্রে কর্মীদের স্বাভাবিক দায়িত্বে ফেরানোর পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে। যদিও কেন্দ্রটি সরাসরি হামলার শিকার হয়নি, তবুও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
রাশিয়ার দাবি, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে প্রশমিত হওয়া প্রয়োজন। তবে পশ্চিমা দেশগুলোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছে মস্কো।
এএন