আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ১০, ২০২৬, ০৬:১২ পিএম
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে সুপার টাইফুন বাভি। ঝড়টির প্রভাবে ইশিগাকি দ্বীপে ইতোমধ্যে ভারী বৃষ্টিপাত এবং তীব্র দমকা হাওয়া শুরু হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সুপার টাইফুনটির কারণে প্রবল বাতাস, মুষলধারে বৃষ্টি, ভূমিধস এবং আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। এসব পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
কর্তৃপক্ষের আশঙ্কা, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অঞ্চলটিতে আঘাত হানতে যাওয়া সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী ঝড়গুলোর একটি হতে পারে।
ইশিগাকি দ্বীপটি জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইয়ায়েয়ামা দ্বীপপুঞ্জে অবস্থিত। তাইওয়ানের কাছাকাছি অবস্থানের কারণে প্রশান্ত মহাসাগর ও পূর্ব চীন সাগর থেকে উৎপন্ন শক্তিশালী টাইফুনের প্রভাবে দ্বীপটি প্রায়ই ঝুঁকির মুখে পড়ে।
সূত্র: রয়টার্স
এম জি