ফেনী জেলা প্রতিনিধি:
ডিসেম্বর ১০, ২০২৪, ০১:২৫ পিএম
ফেনীতে মো. নাজমুল হাসান (২৫) নামে এক ভুয়া সেনা সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।
এর আগে সোমবার (৯ ডিসেম্বর) রাতে জেলার মহিপালস্থ সার্কিট হাউজ সড়ক থেকে তাকে আটক করা হয়। আটককৃত নাজমুল চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কাটাফুল গ্রামের মো. মিলন আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ফেনীতে দায়িত্বরত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট ফাতিন ইশতিয়াক বলেন, “মহিপাল সার্কিট হাউজ রোড এলাকায় সেনা পোশাকে এক ব্যক্তি সন্দেহজনক ঘুরাফেরা করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে।
অভিযানে ওই ব্যক্তির সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে সেনা পোশাক, কমব্যাট টাউজার, কমব্যাট ক্যাপ, সেনা পোশাক পরিহিত তিনটি পাসপোর্ট সাইজের ছবি, সেনাবাহিনীর চেতনা ও মূল্যবোধ সম্বলিত আইডি কার্ড, আনুমানিক ৪৫ জনের জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ, সেনাবাহিনীর প্রচ্ছদের ছবি লাগানো মোবাইল ও সিম কার্ড পাওয়া যায়। পরে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”
এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, আটক ব্যক্তিকে থানা হাজতে রাখা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে আদালতে সোপর্দ করা হবে।
বিআরইউ