আমার সংবাদ ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২৬, ০৩:২১ পিএম
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
বুধবার শহীদ ডা. মিল্টন হলে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এসময় বিএমইউতে পেপারলেস কার্যক্রম বাস্তবায়ন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা নিশ্চিতকরণে গুরুত্বারোপ করা হয়।
গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব ফয়েজ আহমদ তৈয়্যব। বিএমইউ এর সম্মানিত রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমঝোতা স্মারক অনুষ্ঠানে বিএমইউর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. শামীম আহমেদ, ডেন্টাল অনুষদের ডীন ডা. সাখাওয়াত হোসেন প্রমুখ ছাড়াও এটুআই প্রোগ্রাম এর গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএমইউএর পক্ষে স্বাক্ষর করেন বিএমইউর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, পরিচালক (আইসিটি সেল) অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামান।। এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের পক্ষে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোহা. আব্দুর রফিক, হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম, কনসালটেন্ট (সরকারি পেমেন্ট সেবা) মোহাম্মদ শাহাদাত হোসেন।
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর চিকিৎসা পরিষেবা, শিক্ষাদান এবং গবেষণার সকল কার্যক্রমের আর্থিক লেনদেনের স্বচ্ছতা ও সহজীকরণের লক্ষ্যে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্যে বিএমইউ এর ওয়েবপোর্টাল বা সিস্টেমের সংশ্লিষ্ট সকল সেবার ফি ও আনুষঙ্গিক বিল সংগ্রহ প্রক্রিয়াকে এটুআই প্রোগ্রামের সমন্বিত পেমেন্ট প্ল্যাটফর্ম একপে-এর সাথে সংযুক্ত করে যে কোনো ডিজিটাল পেমেন্ট পদ্ধতি (এমএফএস, ডিজিটাল ওয়ালেট, অনলাইন ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড, এজেন্ট ব্যাংকিং কিংবা শাখা ব্যাংকিং ইত্যাদি) ব্যবহারের মাধ্যমে নাগরিকগণ তাদের প্রদেয় ফি/বিল যে কোনো সময় যে কোনো জায়গা থেকে সহজে পরিশোধ করতে পারে সেইরূপ একটি পেমেন্ট সলিউশন তৈরিতে যৌথভাবে উদ্যোগ গ্রহণ করা এই সমঝোতা স্মারকের প্রধান উদ্দেশ্য। যার ফলে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর আধুনিক চিকিৎসা সেবা প্রদান, শিক্ষাদান এবং গবেষণার সার্বিক কার্যক্রমের অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতসহ ক্যাসলেস পদ্ধতি বাস্তবায়ন সহজ হবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বিএমইউ এবং এটুআই এর মধ্যে আজকের এই সমঝোতা স্মারক এর মাধ্যমে বিএমইউতে পেপারলেস কার্যক্রম বাস্তবায়নের এক দীর্ঘ যাত্রা শুরু হলো। এই কার্যক্রমের মাধ্যমে রোগীরা সহজেই বিভিন্ন ধরণের পেমেন্ট ডিজিটাল প্রক্রিয়ায় সম্পন্ন করতে পারবেন। তাছাড়া ভবিষ্যতে রোগীদের স্বাস্থ্যগত সকল ধরণের রেকর্ড সংরক্ষণ করা সম্ভব হবে। যা বিএমইউর শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণায় বড় ধরণের অবদান রাখবে।
বিএমইউর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণাকে জোরদার, গতিশীল, সমৃদ্ধ করা এবং রোগীদের ভোগান্তি দূর করাসহ চিকিৎসা সেবা প্রাপ্তিকে সহজীকরণ করতে আজকের এই সমঝোতা স্মারক বিশেষ অবদান রাখবে।
এএন