আমার সংবাদ ডেস্ক
মার্চ ৯, ২০২৬, ১২:৫৯ পিএম
বসন্তের মাঝামাঝি সময়ে এসে দেশের আবহাওয়ায় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শীতের বিদায়ের পর গরমের দাপট বাড়লেও এবার দেশজুড়ে দমকা হাওয়াসহ ঝড়ো বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
অধিদপ্তরের তথ্যমতে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল মঙ্গলবার (১০ মার্চ) দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কালও দেশের আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নরসিংদী ও খুলনায়, ৩৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে, ১৭ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ এবং তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস।
জেএইচআর