আমার সংবাদ ডেস্ক
জুন ১৪, ২০২৬, ১২:৫১ পিএম
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্প এবং এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) পরিদর্শনে গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর রিজিওনাল টিমের মিশন সম্পন্ন হয়েছে।
গত ৬ থেকে ১২ জুন পর্যন্ত এই মিশন অনুষ্ঠিত হয়। এতে জিসিএফ প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার পাশাপাশি সাতক্ষীরা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে। বৈঠকে জলবায়ু অর্থায়ন, জলবায়ু বিনিয়োগ, সম্ভাব্য প্রকল্প উন্নয়ন, প্রকল্প পাইপলাইন সম্প্রসারণ এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
মিশনের নেতৃত্ব দেন জিসিএফ-এর রিজিওনাল ম্যানেজার মিস ডায়ান জেগাম। দলের অন্য সদস্য ছিলেন ক্লাইমেট ইনভেস্টমেন্ট প্রিন্সিপাল ড. বাপন ফখরুদ্দিন।
পরিদর্শনের অংশ হিসেবে ৯ ও ১০ জুন জিসিএফ প্রতিনিধি দল সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজিত সভায় অংশ নেন এবং প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তারা উপকূলীয় অঞ্চলে বাস্তবায়িত জলবায়ু অভিযোজন কার্যক্রম, জীবিকা উন্নয়ন উদ্যোগ, দুর্যোগ সহনশীল অবকাঠামো এবং অন্যান্য জলবায়ু সহনশীল কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্মসচিব ড. কাজী শাহজাহান, সিনিয়র সহকারী সচিব মো. আসসাদিক জামান, ক্রিম প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক, নির্বাহী প্রকৌশলী মেহমুদ মুরশেদ উল আল আমিন, কেএফডব্লিউ-এর আরবান পোর্টফোলিও কো-অর্ডিনেটর এস কে তৌহিদুর রহমান এবং জিসিএফ-এর লিয়াজোঁ অফিসার জুয়েল মাহমুদসহ এলজিইডি ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এএন