আমার সংবাদ ডেস্ক
জুন ১৪, ২০২৬, ০২:০১ পিএম
রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা জেল আপিলে নিজের অপরাধ স্বীকার করে মহামান্য আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
রোববার হাইকোর্ট বেঞ্চে জেল আপিলে দেওয়া বক্তব্যে তিনি বলেন, অবচেতন মনে নৃশংস ঘটনাটি ঘটে গেছে।
জবানবন্দিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামি দাবি করেন, তীব্র আর্থিক অনটন, পারিবারিক অশান্তি এবং মাদকাসক্ত থাকার কারণে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
তিনি বলেন, আমি আর্থিকভাবে অসচ্ছল। আমি অটোরিকশা গ্যারেজে মিস্ত্রির কাজ করতাম। আমি নিয়মিত ইয়াবা বা মাদকাসক্ত ছিলাম। মাদকাসক্ত, নেশাগ্রস্ত হওয়ার কারণে পরিবারে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকত।
তিনি আরও বলেন, আমার আর্থিক অভাব, পারিবারিক অশান্তি, মাদকাসক্ত ও নেশাগ্রস্ত হওয়ার কারণেই ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত, অবচেতনভাবে হয়েছে। কীভাবে যে ঘটনাটি ঘটেছে আমি বুঝতে পারি নাই। আমি ভুল করেছি, আমি ক্ষমা চাই।
আসামি দাবি করেন, তিনি আগে কোনো অপরাধে জড়িত ছিলেন না এবং তার একমাত্র সন্তানের ভবিষ্যৎ নিয়ে তিনি দুশ্চিন্তায় রয়েছেন।
অন্যদিকে, একই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি স্বপ্না আক্তার নিজেকে নির্দোষ দাবি করে জেল আপিলে খালাসের আবেদন জানিয়েছেন।
গত ১১ জুন কারা কর্তৃপক্ষের মাধ্যমে হাইকোর্টে জেল আপিল করেন সোহেল রানা ও স্বপ্না আক্তার। রোববার হাইকোর্ট তাদের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেন।
এম জি