আমার সংবাদ ডেস্ক
জুন ১৬, ২০২৬, ০২:৪৪ পিএম
আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ডা. শেখ মহিউদ্দিন। তার জায়গায় পরিচালনা পর্ষদ এবার এই বড় দায়িত্ব ন্যস্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক জামালুন্নেসার ওপর।
মঙ্গলবার আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক তারিকুল ইসলাম মুকুলের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দায়িত্ব পাওয়া অধ্যাপক জামালুন্নেসা বিগত ২৫ বছরেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা করে সম্প্রতি স্বেচ্ছায় অবসর নিয়েছেন।
তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে লন্ডনের বিখ্যাত স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া শিশু মৃত্যুজনিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশের মানুষের সঙ্গে প্রতিষ্ঠান কর্তৃপক্ষও গভীরভাবে শোকাহত।’
কর্তৃপক্ষ আরও যোগ করে, ‘এরই মধ্যে প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে হাসপাতালের অভ্যন্তরীণ তদারকি ব্যবস্থা জোরদার এবং চিকিৎসা প্রোটকল পুনর্মূল্যায়নের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের দেওয়া দিকনির্দেশনা অনুযায়ী হাসপাতালের অবকাঠামো এবং সার্বিক ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনতে প্রতিষ্ঠানটি তাদের দৃঢ় ইচ্ছা প্রকাশ করেছে।
এরই মধ্যে হাসপাতালের প্রধান অবকাঠামোগত উন্নয়নের কাজ মাঠপর্যায়ে পুরোদমে শুরু হয়েছে।
আলো-বাতাস চলাচল তথা পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতি সুগম করার জন্য তিনজন স্বতন্ত্র কনসালটেন্টের নেতৃত্বে ভবনের প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জনের কাজ চলমান রয়েছে।
পাশাপাশি হাসপাতালের করপোরেট অফিসের ওপরে অবস্থিত বেকারিটি জনস্বার্থের কথা বিবেচনা করে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
এএন