আমার সংবাদ ডেস্ক
জুন ২২, ২০২৬, ০৭:২৮ পিএম
রাষ্ট্রায়ত্ত টেলিভিশন মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চলতি ২০২৫-২৬ অর্থবছরের মে মাস পর্যন্ত ১১ মাসে করসহ মাত্র ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা আয় করেছে। বিপরীতে একই সময়ে প্রতিষ্ঠানটির পরিচালনা ও প্রশাসনিক খাতে ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা। অর্থাৎ আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ প্রায় ৩২ গুণ বেশি।
সোমবার জাতীয় সংসদে নওগাঁ–৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে এই পরিসংখ্যান উপস্থাপন করা হয়।
তথ্যমন্ত্রী জানান, চলতি অর্থবছরে বিটিভির মোট আয়ের একটি বড় অংশ এসেছে বিজ্ঞাপন থেকে। মে মাস পর্যন্ত বিজ্ঞাপন খাত থেকে প্রতিষ্ঠানটি রাজস্ব আয় করেছে ৫ কোটি ৭ লাখ ৯ হাজার 4১৭ টাকা।
সংসদে বিটিভির বিগত কয়েক অর্থবছরের আয়-ব্যয়ের একটি তুলনামূলক চিত্রও তুলে ধরেন মন্ত্রী। তাঁর দেওয়া তথ্যানুযায়ী, বিগত বছরগুলোতেও প্রতিষ্ঠানটির আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ ছিল কয়েক গুণ বেশি।
বিগত অর্থবছরগুলোতে বিটিভির আয় ও ব্যয়ের চিত্র:
| অর্থবছর | মোট আয় (টাকা) | মোট ব্যয় (টাকা) |
| ২০২০–২১ | ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার | ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার |
| ২০ই১–২২ | ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার | ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার |
| ২০২২–২৩ | ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার | ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার |
| ২০২৩–২৪ | ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার | ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার |
| ২০২৪–২৫ | ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার | ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার |
সংসদে উপস্থাপিত এই পরিসংখ্যান থেকে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত এই গণমাধ্যমটি প্রতি বছরই বড় অঙ্কের লোকসানের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে।
জেএইচআর