আমার সংবাদ ডেস্ক
জুন ২২, ২০২৬, ০৬:৫০ পিএম
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের শনাক্ত করে ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে তিনি এই ঘোষণা দেন।
দেশজুড়ে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য, হুমকি-ধমকি ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদের অংশ হিসেবে রাবির বুদ্ধিজীবী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছাত্রদল নেতৃবৃন্দ।
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, শেখ হাসিনা সরকারের আমলে দেশের জনগণ হত্যা, গুম, নির্যাতন ও হামলার শিকার হয়েছে। এ কারণে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের রাজনীতি আর দেখতে চায় না। অতীতে যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল, তারা যদি কোনোভাবে আওয়ামী লীগের পুনর্বাসন বা প্রত্যাবর্তনের চেষ্টা করে, তবে গণতন্ত্রকামী জনগণ তা মেনে নেবে না। জাতীয়তাবাদী ছাত্রদল যেকোনো অগণতান্ত্রিক ও জনবিরোধী অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী তাঁর বক্তব্যে বলেন, যে স্বৈরাচার জনগণের অধিকার কেড়ে নিয়েছে এবং হত্যা, গুম ও খুনের রাজনীতি করেছে, তাদের বাংলাদেশের মাটিতে থাকতে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইঞ্চি মাটি ছাত্রদল পাহারা দেবে, যাতে ছাত্রলীগ কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে।
তিনি আরও বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের প্রকাশ্যে ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। আওয়ামী লীগ ২৩ তারিখ থেকে দেশের বিভিন্ন এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করতে পারে। তা মোকাবিলায় আগামীকাল ফজরের নামাজের পর থেকেই রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জেএইচআর