বিনোদন ডেস্ক
জুন ২২, ২০২৬, ০৭:১৯ পিএম
বর্তমানে ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে পুরো বিশ্ব। আজ রাতে অস্ট্রিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশের কোটি ভক্তের মতো শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকা খাইরুল বাসার ও কেয়া পায়েলও প্রিয় দলের এই ম্যাচ ঘিরে বেশ উচ্ছ্বসিত।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন খাইরুল বাসার। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি ওই ছবিতে আর্জেন্টিনার জার্সি গায়ে বাসারের সঙ্গে দেখা যাচ্ছে কেয়া পায়েলকে। ছবিটির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘সামির-মেহরীনের যৌথ সমর্থনে এগিয়ে যাবে আর্জেন্টিনা। ভামোস আর্জেন্টিনা।’
খাইরুল বাসার ও কেয়া পায়েল অভিনীত অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এ নাটকে ‘সামির’ ও ‘মেহরীন’ চরিত্রে অভিনয় করে বিপুল সাড়া পেয়েছেন তাঁরা। মূলত সেই জনপ্রিয় চরিত্রের নাম উল্লেখ করেই ফেসবুকে এই পোস্ট দিয়েছেন বাসার।
খাইরুল বাসার জানান, তাঁরা দুজনেই আর্জেন্টিনার কড়া সমর্থক। যেহেতু সাম্প্রতিক সময়ে নাটকে তাঁদের একসঙ্গে দর্শক পছন্দ করেছেন, তাই প্রিয় দলের প্রতি এভাবে যৌথ সমর্থন জানিয়েছেন তাঁরা। অন্যদিকে কেয়া পায়েল জানান, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার ডাই-হার্ড ফ্যান।
এআই দিয়ে বানানো হলেও বাসার-পায়েলের এই যুগল ছবিটি ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। ইতোমধ্যে বাসারের সেই পোস্টে ৪০ হাজারেরও বেশি রিঅ্যাকশন এসেছে এবং মন্তব্যের সংখ্যাও ছাড়িয়েছে হাজার।
জেএইচআর