আমার সংবাদ ডেস্ক
জুন ২৫, ২০২৬, ০১:৫৯ পিএম
৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি রয়েছে উল্লেখ করে ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৫ জুন) এ সংক্রান্ত রায় ঘোষণা করা হয়।
রায়ের ফলে ৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ কার্যক্রম নতুনভাবে পুনর্বিন্যাস করতে হবে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়ের করা এক রিটের শুনানি শেষে হাইকোর্ট বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) ৩০ দিনের মধ্যে নন-ক্যাডারে উত্তীর্ণদের তালিকা প্রকাশের নির্দেশ দেন। একই সঙ্গে ৪৩তম বিসিএস থেকে ৬৪২ জনকে বিভিন্ন নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।
পিএসসি ২০২০ সালের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার ধাপ শেষে ৯ হাজার ৮৪১ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন।
পরে ২০২৩ সালের ১৪ ডিসেম্বর নন-ক্যাডার পদে চাকরিতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে পছন্দক্রম আহ্বান করা হয়। একই বছরের ২৬ ডিসেম্বর বিভিন্ন ক্যাডার পদে ২ হাজার ১৬৩ জন এবং নন-ক্যাডারের বিভিন্ন পদে ৬৪২ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি।
এম জি