ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মাত্র ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ০৩:৫২ পিএম

মাত্র ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

আগামী ২০২৭ সালের হজ মৌসুমে জনপ্রতি মাত্র ৯৮ হাজার টাকা নেট ভাড়ায় বাংলাদেশি হজযাত্রী পরিবহনের প্রস্তাব দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। সরকারের প্রয়োজনীয় অনুমোদন পেলে এয়ারলাইনসটি হজ ফ্লাইট পরিচালনা করতে আগ্রহী বলে ধর্ম মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

মঙ্গলবার এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি চিঠি পাঠায় ইউএস-বাংলা এয়ারলাইনস। চিঠিতে বলা হয়েছে, দেশের স্বল্প আয়ের ধর্মপ্রাণ মুসলমানরা যাতে কম খরচে পবিত্র হজ পালন করতে পারেন, সেই লক্ষ্যেই হজ ফ্লাইট পরিচালনার সব শর্ত পূরণ করে জনপ্রতি ৯৮ হাজার টাকা ভাড়ায় সেবা দিতে চায় প্রতিষ্ঠানটি।

এর আগে ২০২৬ সালের হজ মৌসুমে একজন যাত্রীর বিমান ভাড়া নির্ধারিত ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। হজ প্যাকেজের মোট ব্যয়ের বড় একটি অংশই বিমান ভাড়ায় ব্যয় হওয়ায় নতুন এ প্রস্তাবকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ জানান, ইউএস-বাংলার পাঠানো প্রস্তাবটি তারা পেয়েছেন এবং বিষয়টি হজ-সংক্রান্ত বৈঠকে আলোচনা করা হবে। তিনি বলেন, বিমান ভাড়া কমানোর বিষয়ে দর-কষাকষিতে এই প্রস্তাব সরকারের জন্য একটি ইতিবাচক দিক হিসেবে কাজ করবে।

তিনি আরও জানান, ইউএস-বাংলা জানিয়েছে, সরকার অনুমতি দিলে তারা সৌদি আরবের সিভিল অ্যাভিয়েশন অথোরিটির প্রয়োজনীয় অনুমোদন সংগ্রহ করবে। সরকারও চায়, মানুষ যেন কম ব্যয়ে হজ পালন করতে পারেন। তাই বিমান ভাড়ায় প্রতিযোগিতা তৈরি হওয়াকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

বর্তমানে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি সৌদি আরবের রাষ্ট্রীয় এয়ারলাইনস সাউদিয়া এবং বেসরকারি এয়ারলাইনস ফ্লাইনাস অংশ নিয়ে থাকে।

এদিকে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, হজের বিমান ভাড়া কমানোর দাবি দীর্ঘদিনের। ইউএস-বাংলা যে প্রস্তাব দিয়েছে, সেটিও সংশ্লিষ্ট সভায় আলোচনায় আসবে বলে তিনি জানিয়েছেন।

২০২৭ সালের হজ প্যাকেজ চূড়ান্ত করতে মঙ্গলবার সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে বিকেল ৪টায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ আনুষ্ঠানিকভাবে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করবেন।

এএন

Link copied!