ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ০৪:২৪ পিএম

‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ‘ফার্মের মুরগি’ মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে একটি ফেসবুক পেজ। টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের ধারাবাহিকতায় ১৩ জুলাই রাতে পেজটির যাত্রা শুরু হয়।

ঘটনার সূত্রপাত একটি ফোনালাপের ভিডিওকে কেন্দ্র করে। রাজধানীর সিটি কলেজের এক পরীক্ষার্থীর অভিভাবক হোয়াটসঅ্যাপে শিক্ষামন্ত্রীকে কল করে মেয়ের সঙ্গে কথা বলার সুযোগ করে দেন। সেই কথোপকথন অন্য একটি মোবাইল ফোনে ধারণ করা হয় এবং পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে পরীক্ষার্থীদের শারীরিক অবস্থা প্রসঙ্গে শিক্ষামন্ত্রীকে বলতে শোনা যায়, ‘এগুলো তো ফার্মের মুরগি। একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসে।’

একই ফোনালাপে শিক্ষামন্ত্রী বলেন, ব্যক্তিগতভাবে তিনি পরীক্ষা স্থগিতের পক্ষে মত দিয়েছিলেন। তবে জেলা প্রশাসক, শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠকে আবহাওয়ার পূর্বাভাস ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও উল্লেখ করেন, পরীক্ষার রুটিন তৈরির ক্ষেত্রেও সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয়েছিল এবং শিক্ষার্থীদের সুবিধার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছিল।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ‘ফার্মের মুরগি’ শব্দবন্ধটি ব্যাপক আলোচনার বিষয় হয়ে ওঠে। অনেক শিক্ষার্থী এই মন্তব্যকে অবমাননাকর হিসেবে দেখেন। এর প্রতিবাদে ১৪ জুলাই সকাল থেকে রাজধানীর সায়েন্সল্যাব, শাহবাগ, উত্তরাসহ দেশের বিভিন্ন এলাকায় পরীক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মুখে শোনা যায়, ‘আমি কে, তুমি কে, ফার্মের মুরগি’ স্লোগান। পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জোরালো হয়। পরে চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানেও একই দাবিতে বিক্ষোভের খবর পাওয়া যায়।

এই প্রেক্ষাপটেই ১৩ জুলাই রাতে ফেসবুকে চালু হয় ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামের পেজটি। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত পেজটির প্রোফাইল ছবি সংবলিত পোস্ট শতাধিকবার শেয়ার হয়েছে। পেজটিতে আন্দোলনের ছবি ও ভিডিও, বিভিন্ন কর্মসূচির হালনাগাদ তথ্য, ব্যঙ্গাত্মক পোস্ট এবং নানা হ্যাশট্যাগ ব্যবহার করে নিয়মিত কনটেন্ট প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন শিরোনামে নতুন পোস্টও দেওয়া হচ্ছে।

‘ব্রয়লার চিকেন পার্টি’ শেষ পর্যন্ত কেবল সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক একটি সাময়িক প্রতিক্রিয়া হয়ে থাকবে, নাকি এটি নতুন কোনো ডিজিটাল রাজনৈতিক প্রতীকে রূপ নেবে- তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সাম্প্রতিক এই ঘটনা আবারও দেখিয়ে দিল, বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম এখন শুধু মত প্রকাশের ক্ষেত্র নয়; বরং নতুন প্রতীক, নতুন স্লোগান এবং নতুন রাজনৈতিক ভাষা তৈরিরও গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

এএন

Link copied!