ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬
স্থানীয় নির্বাচন

২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৫, ২০২৬, ০৭:৪০ পিএম

২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে ভোটকেন্দ্র নির্ধারণের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ আগস্ট স্থানীয় সরকার নির্বাচনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। এরপর দাবি-আপত্তি যাচাই ও নিষ্পত্তি শেষে ২৭ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা।

বুধবার (১৫ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ প্রণয়ন করা হয়েছে। এই নীতিমালা গত ২৬ জুন ২০২৫ বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়।

নীতিমালা অনুযায়ী, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর (জেলা পরিষদ ছাড়া) নির্বাচনে ভোটগ্রহণের ২৫ দিন আগে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রস্তুত করে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করতে হবে।

ইসি জানিয়েছে, নির্বাচনের জন্য ভোটার এলাকার নাম স্পষ্টভাবে উল্লেখ করে প্রথমে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। এরপর ওই তালিকার বিষয়ে প্রাপ্ত দাবি ও আপত্তি গ্রহণ করে নির্ধারিত নীতিমালা অনুযায়ী সেগুলো নিষ্পত্তি করা হবে। পরে প্রস্তুত করা হবে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। তালিকার বিষয়ে দাবি-আপত্তি জানানোর শেষ সময় ১৮ আগস্ট। প্রাপ্ত দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ দিন ২৩ আগস্ট। আর চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে ২৭ আগস্ট।

চিঠিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়সূচি ও ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকার হার্ড কপি ও সফট কপি নির্বাচন সহায়তা-৩ শাখায় পাঠাতে বলা হয়েছে।

এ ছাড়া ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। সম্ভব হলে স্থায়ী ভোটকক্ষ ব্যবহারের উদ্যোগ নিতে হবে। ভবনের ভেতরে ভোটকক্ষ স্থাপন করা সম্ভব হলে অস্থায়ী ভোটকক্ষের প্রস্তাব এড়িয়ে সেভাবেই ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে।

এম জি

Link copied!